বিএনপিকে দাবি সুনির্দিষ্ট করার পরামর্শ
রাজধানীতে একটি আলোচনা সভায় রাজনীতিবিদ ও পেশাজীবীরা বিএনপিকে দাবি সুনির্দিষ্ট করে মাঠে নামার পরামর্শ দিয়েছেন। তাঁরা বলেছেন, মানুষ সরকারের সঙ্গে নেই। বিএনপির পেছনেও নেই। কিন্তু কেবল ক্ষমতার পরিবর্তন বা নির্বাচনের জন্য আন্দোলন করলে কোনো লাভ হবে না।
আজ শনিবার সেন্টার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (সিএফএসডি) আয়োজিত মুক্ত আলোচনায় আলোচকেরা এসব কথা বলেন। সিএফএসডির প্রেসিডেন্ট আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাংবাদিক মাহফুজ উল্লাহর সঞ্চালনায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে এই আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় অধ্যাপক মাহবুব উল্লাহ বলেন, এ দেশের সরকার পরিবর্তন হয় কিন্তু মানুষের অবস্থার পরিবর্তন হয় না। নির্বাচন হয়ে থাকে শুধু ক্ষমতার পরিবর্তনের জন্য। নির্বাচনের কথা বলাও হয়ে থাকে এই একটি কারণে। কিন্তু মানুষের কথা না বলে ক্ষমতায় যাওয়ার জন্য শুধু নির্বাচনের কথা বললে লাভ হবে না। মানুষের অবস্থা পরিবর্তনের রাজনীতি করলে তাদের সমর্থন পাওয়া যাবে। আর মানুষ যখন কথা বলতে শুরু করবে, তখন সরকার শুনতে বাধ্য হবে।
ইংরেজি দৈনিক ‘নিউ এজ’-এর সম্পাদক নুরুল কবির বলেন, বর্তমান সরকারের জনসমর্থন নেই। মানুষ এক দিনের জন্যও এই সরকারকে চায় না। কিন্তু মানুষ বিএনপির পেছনেও নেই। কারণ বিএনপি মানুষের এই মনোভাব বুঝতে ব্যর্থ। বিএনপি কী চায়, সেটাও তারা মানুষকে বোঝাতে ব্যর্থ হয়েছে। তাই এখন দাবি সুনির্দিষ্ট করে বিএনপিকে মাঠে নামতে হবে।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেন, সংবিধানে বলা আছে জনগণই রাষ্ট্রের ক্ষমতার মালিক। এর চেয়ে ডাহা মিথ্যা কথা আর নেই। কারণ এ দেশের মানুষ কখনোই ক্ষমতার মালিক হয়নি। এ দেশে গণতন্ত্র ও রাজনীতি মানেই দুই দলের ক্ষমতার দ্বন্দ্ব।
বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী বলেন, যেসব দলে গণতন্ত্রের চর্চা নেই, তাদের দিয়ে জাতীয় রাজনীতি কীভাবে হবে? যে দলের ভেতরে বিশ্বাসযোগ্য নির্বাচনের নিয়ম নেই, তারা মাঠে গিয়ে কীভাবে নির্বাচন করবে?
বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, ভোট দিয়ে জনগণ ক্ষমতার মালিক হয় না। আসলে শাসক দল ভোট নিয়ে ক্ষমতা ব্যবহারের অনুমোদন আদায় করে নেয়। এটাকে কখনো গণতন্ত্র বলা যায় না। দেশে গণমাধ্যমের স্বাধীনতা নেই। পশুকে ছোট দড়ি দিয়ে বেঁধে রাখলে মনে হয় সে বাঁধা। আর লম্বা দড়ি দিয়ে বেঁধে রাখলে মনে হতে পারে সে ছাড়া। এখন গণমাধ্যমকে লম্বা দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বড় দুই দলের কাছে গণতন্ত্র মানে ক্ষমতা বা গদির পরিবর্তন। সেটা যেকোনো প্রক্রিয়াতে হলেই হলো। ক্ষমতার প্রত্যাশী বিএনপি সেই রাজনীতিই করছে। মানুষের রাজনীতি করছে না। যে কারণে আন্দোলন করতে গিয়ে তারা বারবার একা হয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির নেতা ইকবাল হাসান মাহমুদ, শামা ওবায়েদ, তাবিথ আউয়াল প্রমুখ।