বিএনপিকে দুর্বল করতে মামলা দেওয়া হচ্ছে: মোশাররফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপিকে দুর্বল করার জন্য দলের চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ নেতা-কর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

গতকাল বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় খন্দকার মোশাররফ এ অভিযোগ করেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে এ আলোচনা সভার আয়োজন করে।

খন্দকার মোশাররফ দাবি করেন, বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় দল। আওয়ামী লীগ বিএনপিকে ভয় পায়। নিজেদের ব্যর্থতা ঢাকা দেওয়া এবং মানুষের দৃষ্টি ভিন্ন খাতে ফেরাতে সরকার বিএনপির নেতা-কর্মীদের ওপর নানাভাবে নির্যাতন হামলা-মামলা চালাচ্ছে।

বিএনপিকে ফিনিক্স পাখির সঙ্গে তুলনা করে মোশাররফ বলেন, বিএনপি জাতীয়তাবাদী শক্তি। এ শক্তিকে নির্মূল করা যাবে না।

মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন কল্যাণ পার্টির সভাপতি সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম ওসমান ফারুক, দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

ভোট-প্রহসনে ক্লান্ত মানুষ: গতকাল দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, তৃতীয় ও চতুর্থ দফা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রাক্কালে সারা দেশে সরকারি দলের লোকজন আবার তাণ্ডব শুরু করেছে। গ্রামে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিএনপির কর্মী ও ভোটারদের ভোটকেন্দ্রে না যেতে আগের মতোই হুমকিধমকি দেওয়া হচ্ছে। তিনি বলেন, দেশের মানুষ ভোট-প্রহসনে ক্লান্ত ও আতঙ্কিত।

সংবাদ সম্মেলনে রিজভী গত মঙ্গলবার রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নে জাহাঙ্গীর নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা এবং বান্দরবানের রুমায় মং নু মারমা নামে এক ইউপি মেম্বারকে অপহরণের পর হত্যার ঘটনা উল্লেখ করে এর জন্য আওয়ামী লীগকে দায়ী করেন। তিনি বলেন, নির্বাচনী সহিংসতায় মৃত্যুর মিছিল বেড়েই চলছে। তিনি অভিযোগ করেন, মঙ্গলবার রূপগঞ্জের ভুলতায় বিএনপির প্রার্থী আব্বাস উদ্দিন ভূঁইয়ার গণসংযোগে এবং শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের প্রার্থী কুতুবউদ্দিনের ওপর হামলা ও বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুরে বিএনপি প্রার্থীর নির্বাচনী সভায় হামলা হয়েছে।