বিএনপিকে দুর্বল করতে মামলা: মোশাররফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেছেন, বিএনপিকে দুর্বল করার জন্য দলের চেয়ারপারসন, সিনিয়র ভাইস চেয়ারম্যানসহ নেতা-কর্মীদের নামে মামলা দেওয়া হচ্ছে। তবে এসব ষড়যন্ত্র করে বিএনপিকে নির্মূল করা যাবে না।

আজ বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মোশাররফ এসব কথা বলেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে ওই আলোচনা সভার আয়োজন করে।
খন্দকার মোশাররফ দাবি করেন, বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় দল। আওয়ামী লীগ বিএনপিকে ভয় পায়। কারণ, যেসব জায়গায় আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে, সেসব জায়গায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও বিএনপি সফল হয়েছে। নিজেদের ব্যর্থতা ঢাকা দেওয়া এবং মানুষের দৃষ্টি ভিন্ন খাতে ফেরাতে সরকার বিএনপির নেতা-কর্মীদের ওপর নানাভাবে নির্যাতন ও হামলা-মামলা চালাচ্ছে।
খন্দকার মোশাররফের দাবি, মানুষ ১৯৭১ সালে আওয়ামী লীগের কাছ থেকে স্বাধীনতার ঘোষণা আশা করেছিল। কিন্তু আওয়ামী লীগ তা দিতে ব্যর্থ হয়। জিয়াউর রহমান প্রথমে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করে স্বাধীনতা ঘোষণা করেন। পরবর্তী সময়ে তিনি শেখ মুজিবের নামে ঘোষণা দেন। বিএনপিকে ফিনিক্স পাখির সঙ্গে তুলনা করে মোশাররফ বলেন, ‘বিএনপি জাতীয়তাবাদী শক্তি। এ শক্তিকে নির্মূল করা যাবে না।’
মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজের সভাপতিত্বে অন্যদের মধ্যে কল্যাণ পার্টির সভাপতি সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন প্রমুখ বক্তব্য দেন।