বিএনপিকে দেশ থেকে তাড়াতে হবে: ত্রাণমন্ত্রী
কেবল জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করলেই হবে না, তাদের লালন-পালনকারী বিএনপিকেও এ দেশ থেকে তাড়াতে হবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী এমন মন্তব্য করেছেন।
আজ রোববার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় মোফাজ্জল হোসেন চৌধুরী এ মন্তব্য করেন। জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে আওয়ামী মৎস্যজীবী লীগ এ আলোচনা সভার আয়োজন করে।
মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, ‘জামায়াত-শিবির এ দেশের জন্য বিষফোড়া। যারা জামায়াত-শিবির করে, তারা এ দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। তাই যারা এদের পৃষ্ঠপোষকতা ও লালন-পালন করেছে, তাদেরও এ দেশ থেকে বিতাড়িত করতে হবে।’
মন্ত্রী বলেন, জনগণের দাবি, আগামী বিজয়ের মাসেই জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হবে।
মার্চের ভেতরে সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করা হবে—বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের এমন মন্তব্যের কঠোর সমালোচনা করেন মোফাজ্জল হোসেন চৌধুরী। তিনি বলেন, ‘জনগণ জানতে চায়, আপনি কি এমন গণহত্যার ষড়যন্ত্র করেছেন, যে কারণে একটি নির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করবেন।’
ত্রাণমন্ত্রী আরও বলেন, সংবিধান মতে ২০১৯ সালে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে যদি বিএনপি অংশগ্রহণ না করে তাহলে এখন তো তাদের আমও গেছে ছালাও গেছে। আগামীতে গাছটিও হারাবে।
মৎস্যজীবী লীগের সভাপতি সাঈদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম, প্রচার সম্পাদক আবদুল হক প্রমুখ।