বিএনপিকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে: মোশাররফ
বিএনপিকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে এমন অভিযোগ করে দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে রাজনীতি করে। তাই জনগণের মন থেকে বিএনপিকে মুছে ফেলা বা ধ্বংস করা যাবে না।
আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মোশাররফ এসব কথা বলেন। বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওই আলোচনা সভার আয়োজন করে।
মোশাররফ অভিযোগ করেন, গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে আওয়ামী লীগ। তারা নিজেরাই নিজেদের নির্বাচিত ঘোষণা করেছে। হারানো গণতন্ত্র ও ভোটাধিকার ফিরে পেতে দেশের জনগণ প্রস্তুত। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যে দিন আহ্বান জানাবেন সেই দিনই তারা অধিকার আদায়ে মাঠে নামবেন।
মোশররফ দাবি করেন, আওয়ামী লীগ বিএনপি ও খালেদা জিয়াকে ভয় পায় বলে বিএনপি ও খালেদা জিয়ার বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে চলেছে। কারণ আওয়ামী লীগ দেশ পরিচালনায় যেখানে ব্যর্থ হয়েছে, বিএনপি সেখানে সফল হয়েছে।
বিএনপির এই নেতা উপকূলীয় অঞ্চলে সৃষ্ট ঘূর্ণিঝড়ের কবলে পড়া মানুষদের রক্ষা করতে সরকারের প্রতি অনুরোধ জানান। পাশাপাশি দলীয় নেতা কর্মী ও পেশাজীবীদেরও মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।
অন্যদের মধ্যে সংগঠনের সভাপতি এম আজিজুল হক, মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ বক্তব্য দেন।