বিএনপিকে ধ্বংসের চক্রান্ত শুরু হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, বিএনপিকে ধ্বংস করার জন্য নানা চক্রান্ত শুরু হয়েছে। এর অংশ হিসেবে রাজনীতি থেকে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে দূরে রাখতে একের পর এক মামলা দেওয়া হচ্ছে। ইসরায়েলের সঙ্গে বিএনপিকে জড়িয়ে ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে।
গতকাল রোববার বিকেলে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল এ অভিযোগ করেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি ওই আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন খালেদা জিয়া। তবে তিনি দর্শক সারিতে বসে ছিলেন, বক্তব্য দেননি।
আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। কিন্তু বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির একার পক্ষে তা সম্ভব নয়। খালেদা জিয়ার নেতৃত্বে সব গণতান্ত্রিক দল, পেশাজীবী, বুদ্ধিজীবী, ছাত্র, সুশীল সমাজ, সব শ্রেণির মানুষকে ঐক্যবদ্ধ করে নতুন ‘প্ল্যাটফর্ম’ তৈরি করতে হবে। তিনি বলেন, এখন বিএনপির জন্য ক্রান্তিকাল বা দুঃসময় চলছে বলা যেতে পারে। কিন্তু নিরাশ হওয়ার কিছু নেই। অনেক জুলুমের পরও বিএনপির কেউ আওয়ামী লীগে যোগ দেননি।
সভাপতির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জিয়াউর রহমান এ দেশে গণতন্ত্রের সুবাতাস বইয়ে দিয়েছিলেন। সাবেক মার্কিন কূটনীতিক উইলিয়াম বি. মাইলামের লেখা উদ্ধৃত করে মির্জা ফখরুল বলেন, ১৯৮১ সালে না হয়ে ১৯৭৫ সালে জিয়াউর রহমানের মৃত্যু হলে বাংলাদেশের ভাগ্য কী হতো বলা কঠিন। হয়তো আফগানিস্তান, লাইবেরিয়ার মতো একটি ব্যর্থ রাষ্ট্র হতো বাংলাদেশ।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেন, বিএনপিকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে। এরশাদের শাসনামল, এক-এগারোর সরকারের আমলেও অনেক চেষ্টা হয়েছে। কিন্তু জিয়াউর রহমানের আদর্শ সবার মনের মণিকোঠায়। বিএনপিকে ধ্বংস করা যাবে না। সভায় অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুব উল্লাহ প্রমুখ বক্তব্য দেন।
গতকাল সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির সঙ্গে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের বৈঠক হয়েছে। এ বিষয়ে সরকার কী ব্যবস্থা নেয়, তা জনগণ দেখতে চায়।