বিএনপিকে নাকে খত দিয়ে নির্বাচন করতে হবে: শেখ সেলিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপিকে নাকে খত দিয়ে বর্তমান সরকারের অধীনেই নির্বাচন করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ সাংসদ শেখ ফজলুল করিম সেলিম। গতকাল রোববার সংসদে তিনি বিএনপিকে উদ্দেশ করে বলেন, নির্বাচন করেন, টালবাহানা করে লাভ হবে না। এইবার না করলে নিবন্ধন বাতিল হবে।
রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় শেখ সেলিম এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপি বলছে শেখ হাসিনার সরকারের অধীনে নির্বাচন করবে না। কিন্তু এবার নির্বাচন না করলে আপনাদের অবস্থা মুসলিম লীগের চেয়েও খারাপ হবে। নির্বাচনের পথ ছেড়ে যদি সন্ত্রাস করেন, জনগণের সম্পদ নষ্ট করেন, তাহলে গণপিটুনির জন্য প্রস্তুত থাকেন।
বিএনপির সঙ্গে কোনো আলোচনা হতে পারে না উল্লেখ করে শেখ সেলিম বলেন, বিএনপি এখন আলোচনার কথা বলছে। কিন্তু যারা পুড়িয়ে মানুষ মারে তাদের সঙ্গে কিসের আলোচনা? কানাডার ফেডারেল আদালত যে দলকে সন্ত্রাসী দল বলে আখ্যায়িত করেছেন, সেই দলের সঙ্গে কোনো আলোচনা হতে পারে না।