বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিবিসিতে দেওয়া প্রধানমন্ত্রীর সাক্ষাৎকারের অর্থ হচ্ছে সরকার বিএনপিকে নির্বাচন-প্রক্রিয়া থেকে দূরে সরিয়ে রাখতে চায়। তারা ভিন্ন কৌশলে দেশে আবারও একদলীয় শাসন কায়েম করতে চায়।
গতকাল শুক্রবার রাজধানীর একটি হোটেলে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব গ্র্যাজুয়েট, বাংলাদেশ নামের একটি সংগঠনের ইফতার অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন।
সম্প্রতি লন্ডন সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি ভুল করেছিল। ৫ জানুয়ারির নির্বাচন যে পদ্ধতিতে হয়েছে, আগামী নির্বাচনও সে পদ্ধতিতে হবে। প্রধানমন্ত্রী বিএনপির সঙ্গে আলোচনার সম্ভাবনাও নাকচ করে দেন।
মির্জা ফখরুল বলেন, গার্ল সামিটে যোগ দেওয়ার পর সেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক হয়। বৈঠকের মূল বিষয়বস্তু ছিল সামিটকেন্দ্রিক। কীভাবে বাল্যবিবাহ নির্মূলসহ নারীদের অধিকার বিষয়ে আলোচনা হয়। একপর্যায়ে ৫ জানুয়ারির নির্বাচন প্রসঙ্গেও কথা হলে ব্রিটিশ প্রধানমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেছেন, ওই নির্বাচন যুক্তরাজ্যসহ গণতান্ত্রিক দেশে গ্রহণযোগ্য হয়নি। এ ছাড়া অতি দ্রুত আলাপ-আলোচনা করে প্রতিনিধিত্বমূলক নির্বাচনের কথাও বলেছেন। অথচ শেখ হাসিনা ও তাঁর পররাষ্ট্রমন্ত্রী বেমালুম বিভ্রান্তিকর কথা বলে জনগণকে বিভ্রান্ত করছেন।
মির্জা ফখরুল বলেন, গোটা পৃথিবী যখন গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক সমাজের জন্য কাজ করছে, ঠিক তখন আওয়ামী অপশক্তি বাংলাদেশের মানুষের ওপর চেপে বসেছে। তাই এদের ক্ষমতা থেকে সরাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সবাইকে আত্মত্যাগ করার জন্য প্রস্তুতি নিতে হবে।