বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখার অপচেষ্টা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভিশন-২০৩০ ঘোষণার পর আওয়ামী লীগের গায়ে আগুন জ্বলে উঠেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম। তাঁর দাবি, ভিশন-২০৩০ বাংলাদেশের জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছে। বিএনপিকে আবার নির্বাচন থেকে দূরে রাখার অপচেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগ।

গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরের কাজীর দেউড়িতে দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে নগর বিএনপি আয়োজিত সমাবেশে আবুল হাশেম বলেন, কূটকৌশলের অংশ হিসেবে খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশি অভিযান চালিয়েছে সরকার।

নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন শ্রমিক দলনেতা শেখ নুরুল্লাহ বাহার, নগর যুবদলের নেতা ইয়াছিন চৌধুরী লিটন, মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম মনি, কামরুল ইসলাম প্রমুখ।