আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের এক বক্তব্যের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিকে কী করে নির্বাচনে আনা যায়, সে চেষ্টা করুন। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।
এম ইলিয়াস আলীসহ দলের নেতা-কর্মীদের গুম-খুনের প্রতিবাদে গতকাল সকালে বিএনপি এই সভার আয়োজন করে।
গত বুধবার মোহাম্মদ নাসিম বলেছিলেন, বিএনপি না এলেও যথাসময়ে জাতীয় নির্বাচন হবে। নির্বাচনকালীন সরকারের প্রধান হবেন শেখ হাসিনা।
নাসিমের ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, নিবন্ধন বাতিলের ভয় দেখিয়ে লাভ নেই। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার এবং বিএনপি ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না। তিনি বলেন, নির্বাচনমুখী দল বিএনপি নির্বাচনে যেতে চায়। কিন্তু নির্বাচনে যাওয়ার পথ তৈরি করতে হবে। নির্বাচন হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে। আওয়ামী লীগ ক্ষমতায় থেকে কলকাঠি নাড়বে আর নির্বাচন করবে, তা হবে না।
বিএনপির মহাসচিব বলেন, ২০১৪ সালে আওয়ামী লীগ নির্বাচন করেছিল। সে নির্বাচনে কোনো বিরোধী দল অংশ নেয়নি। জাতীয় ও আন্তর্জাতিকভাবে ওই নির্বাচন গ্রহণযোগ্যতা পায়নি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, দেশের মানুষকে পঙ্গু করে, দেশের রাজনীতিকে প্রতিবন্ধী করে প্রধানমন্ত্রী অটিজম-বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ভুটান গিয়েছিলেন। প্রধানমন্ত্রীর ভারত সফরকে ব্যর্থ দাবি করে তিনি বলেন, এ সরকারের পেছনে জনগণ থাকলে প্রধানমন্ত্রী তিস্তা চুক্তি না হওয়া পর্যন্ত অন্য কোনো চুক্তি করতেন না।
মির্জা ফখরুল দাবি করেন, এম ইলিয়াস আলীসহ বিএনপির পাঁচ শতাধিক নেতা-কর্মীকে গুম করা হয়েছে। এই অপরাধে জড়িত ব্যক্তিরা ক্ষমা পাওয়ার যোগ্য নয়।
বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানের সভাপতিত্বে অন্যদের মধ্যে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান প্রমুখ বক্তব্য দেন।