বিএনপিকে নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার পরামর্শ কাদেরের
বিএনপির আন্দোলনের পাট চুকে গেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপিকে তিনি নির্বাচনের জন্য প্রস্তুত হতে পরামর্শ দিয়েছেন। বিএনপিকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার কোনো খায়েশ আওয়ামী লীগের নেই বলেও জানিয়েছেন।
আজ শনিবার সকালে গাজীপুরের চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চার লেনের উন্নীতকরণের কাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘নিবন্ধিত দল হিসেবে নির্বাচন করবে—বিএনপির এমন অধিকার আছে। এখন খালেদা জিয়াকে ছেড়ে দেওয়ার বিষয়টি আমাদের হাতে নেই। লিগ্যাল ব্যাটেলের (আইনি যুদ্ধ) মাধ্যমে খালেদা জিয়া বের হলে আমাদের কোনো বক্তব্য নেই।’
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চার লেনের ৭০ ভাগ কাজ এরই মধ্যে শেষ হয়েছে বলে জানান মন্ত্রী। আগামী ঈদে যাত্রীদের আর যানজটের দুর্ভোগ পোহাতে হবে না বলে আশা প্রকাশ করেন।
মন্ত্রীর সঙ্গে সড়ক ও জনপথের ঢাকা বিভাগীয় প্রকৌশলী সবুজ উদ্দিন খান, প্রকল্প পরিচালক মো. ইসহাকসহ সড়ক ও জনপথের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।