বিএনপিকে পঙ্গু করতে মওদুদকে বাড়ি ছাড়ানোর চেষ্টা: ফখরুল
সুপরিকল্পিতভাবে বিএনপিকে নির্মূল, দুর্বল ও পঙ্গু করার নীল নকশার অংশ হিসেবে মওদুদ আহমদকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ কথা বলেন।
মির্জা ফখরুল দাবি করেন, আওয়ামী লীগ ২০০৮ সালে ক্ষমতায় যাওয়ার পর থেকে সুপরিকল্পিতভাবে বিরোধী দল-মতকে নির্মূল করার নীল নকশা বাস্তবায়ন করে চলেছে। এরই অংশ হিসেবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করা হয়েছে। এক-এগারোর সরকারের আমলে আওয়ামী লীগ নেতাদের নামে করা প্রায় ১০ হাজার মামলা প্রত্যাহার করা হয়েছে। অথচ বিএনপির নেতাদের নামে করা মামলাগুলো সচল করা হয়েছে। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাত বছরের সাজা দেওয়া হয়েছে। সর্বশেষ মওদুদ আহমদের বাড়ি নিয়ে রায় বিএনপিকে দুর্বল করার কৌশলের অংশ।
মির্জা ফখরুল বলেন, মওদুদ আহমদের বাড়ির মামলা প্রমাণ করে, জঙ্গিবাদ নির্মূল বা গণতন্ত্র প্রতিষ্ঠা নয়, যেকোনো মূল্যে ক্ষমতায় টিকে থাকাই এই সরকারের একমাত্র লক্ষ্য। তিনি সরকারকে এই ‘ভয়াবহ পথ’ থেকে সরে আসার আহ্বান জানান।
জঙ্গিবাদ মোকাবিলায় সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, পুলিশ সন্দেহভাজন হিসেবে যাদের ধরছে, তাদের বিচারের আওতায় না এনে ৯০ শতাংশকে ক্রসফায়ারে হত্যা করা হচ্ছে। এতে সন্দেহ জঙ্গিবাদের শিকড় খোঁজার ক্ষেত্রে সরকারের কতটুকু আন্তরিকতা আছে, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।
বিএনপির যুগ্ম মহাসচিব সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন খোকন দাবি করেন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ব্যক্তিগত উদ্যোগে মওদুদ আহমদকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করছেন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব খায়রুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।