বিএনপিকে পরীক্ষায় ফেলতে চায় আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদ নির্বাচনের আগে সিটি করপোরেশন নির্বাচনের ব্যাপারে খুব একটা আগ্রহ নেই সরকারি দল আওয়ামী লীগের। তবে খালেদা জিয়াবিহীন বিএনপি নির্বাচনে কেমন করে-এটা দেখার জন্য গাজীপুর ও খুলনা সিটির ভোটযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। এই ভোটের ফল দেখে বাকি সিটি করপোরেশনগুলোর বিষয়ে পরিকল্পনা করবে সরকারি দল।

নির্বাচন কমিশন (ইসি) চাইলে গাজীপুরে যেকোনো সময় নির্বাচন করতে পারে। খুলনায় ৩০ মার্চের পর নির্বাচন করা যাবে। এর বাইরে রাজশাহীতে ৯ এপ্রিল, সিলেটে ১১ এপ্রিল ও বরিশালে ২৭ এপ্রিলের পর যেকোনো সময় নির্বাচন হতে পারে।
ইসি ও সরকারি সূত্র বলছে, এই পাঁচ সিটিতে আইনি জটিলতায় ভোট আটকে যাওয়ার মতো বিষয় নেই। আগামী ঈদুল ফিতরের পর একসঙ্গেই সব কটি সিটির নির্বাচন করা সম্ভব ছিল। কিন্তু আওয়ামী লীগ এভাবে সব সিটির নির্বাচন চায় না। এ ছাড়া ঈদের পর জাতীয় নির্বাচনের ডামাডোল শুরু হয়ে যাবে।
ইসির সচিব হেলালুদ্দীন গত সোমবার সাংবাদিকদের জানিয়েছেন, ৩১ মার্চ গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। মে মাসের মধ্যভাগে ভোট হতে পারে।
এর আগে ২৬ ফেব্রুয়ারি ভোটের দিন ধার্য করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছিল ইসি। কিন্তু আদালতের নিষেধাজ্ঞায় তা আটকে যায়। মেয়র আনিসুল হক মারা যাওয়ার পর ডিএনসিসির মেয়র পদটি শূন্য হয়ে যায়।


আওয়ামী লীগের উচ্চপর্যায়ের সূত্র বলছে, দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০১৩ সালের জুনে একই দিনে রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশাল সিটি করপোরেশনে ভোট হয়। সব কটিতেই আওয়ামী লীগের প্রার্থীদের পরাজয় হয়। পরের মাসে গাজীপুর সিটি নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী হারেন। পাঁচটিতেই বিএনপির প্রার্থীরা মেয়র নির্বাচিত হন। এখন আওয়ামী লীগের অভ্যন্তরীণ মূল্যায়ন হচ্ছে, এই পাঁচ সিটিতে এবারের নির্বাচনে বিএনপিকে হারানোর মতো অবস্থা তৈরি হয়নি। তাই একযোগে সব কটিতে নির্বাচনের পক্ষে নয় দলটি।


আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আইনি জটিলতায় ঢাকার উত্তর সিটি নির্বাচন আটকে যাওয়ার পর মানুষ বলছে, সরকার ভয়ে নির্বাচন দেয়নি। অন্য সিটিতে নির্বাচন আটকে গেলে সরকারের ওপর দায় বর্তাবে। এ ছাড়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর দলটির নেতারা বলছেন, তাদের জনপ্রিয়তা বেড়েছে। এই পরিস্থিতিতে দুই সিটির নির্বাচনে বিএনপি যায় কি না এবং গেলে তাদের জনপ্রিয়তা আসলেই বেড়েছে কি না বা দলটির সাংগঠনিক শক্তি কতটা-এসব বিষয় দেখতে চায় আওয়ামী লীগ। এই বিবেচনায় গাজীপুর ও খুলনায় ভোটের প্রস্তুতি নেওয়া হচ্ছে। দুটিতেই বর্তমান মেয়র বিএনপির।
আওয়ামী লীগের নেতাদের কারও কারও মূল্যায়ন হচ্ছে, গাজীপুরে এবার আওয়ামী লীগের অবস্থা ভালো। আর খুলনায় বিএনপির অবস্থা ভালো। এ ক্ষেত্রে একটিতেও সরকারি দল জিতলে মুখ রক্ষা হয়।


আসন্ন পাঁচ সিটি নির্বাচনের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্য আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, এখনো সিটি নির্বাচন নিয়ে দলে আনুষ্ঠানিক আলোচনা হয়নি। তফসিল ঘোষণার আগে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করা যায় না। তিনি বলেন, আওয়ামী লীগ নির্বাচন নিয়ে ভয় পায় না। সরকার নয় বছরে যে উন্নয়ন করেছে, সিটি করপোরেশনেও জয়ী হবেন আওয়ামী লীগের প্রার্থীরা।
গত দেড় বছরে তিনটি সিটি করপোরেশনের নির্বাচন হয়। এর মধ্যে নারায়ণগঞ্জে আওয়ামী লীগ, কুমিল্লায় বিএনপি ও রংপুরে জাতীয় পার্টির প্রার্থী মেয়র নির্বাচিত হন। এর মধ্যে নারায়ণগঞ্জে ব্যক্তি জনপ্রিয়তা থাকার কারণে সেলিনা হায়াৎ আইভী জিতবেন-এ ব্যাপারে আওয়ামী লীগ অনেকটা নিশ্চিত ছিল। কুমিল্লায় বিএনপির প্রার্থী জিতবেন, এ ধারণাও আগে থেকে ছিল। আর রংপুরে আওয়ামী লীগের প্রার্থীর পরাজয় আঁচ করার পরও সেভাবে মাঠে নামেনি আওয়ামী লীগ। তা ছাড়া রংপুরে সরকারের শরিক জাতীয় পার্টিকে খুশি করার একটা চেষ্টা ছিল আওয়ামী লীগের। রাজধানীর মতো গুরুত্বপূর্ণ স্থানে জয়ের নিশ্চয়তা নেই বলে ঢাকা উত্তরের উপনির্বাচনের বিষয়ে আগ্রহী ছিল না আওয়ামী লীগ। পরে এক রিট আবেদনের পর আদালত ওই নির্বাচন স্থগিত করেন।


কয়েকটিতে সম্ভাব্য প্রার্থীদের সবুজসংকেত
আগ্রহ কম থাকলেও আসন্ন সিটি করপোরেশন নির্বাচনের জন্য সম্ভাব্য কিছু প্রার্থীকে কাজ চালিয়ে যেতে দল থেকে অনানুষ্ঠানিকভাবে বলা হয়েছে। এর মধ্যে সিলেটে সাবেক মেয়র বদরউদ্দিন আহমেদ কামরান এবং রাজশাহীতে খায়রুজ্জামান লিটনকে দলীয় প্রধান শেখ হাসিনা সবুজসংকেত দিয়েছেন। গাজীপুরে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে কেন্দ্রীয় নেতারা অনানুষ্ঠানিকভাবে কাজ করার কথা বলেছেন। খুলনায় বঙ্গবন্ধুর ভাইয়ের ছেলে শেখ জুয়েল এবং বরিশালে বঙ্গবন্ধুর ভাগনে আবুল হাসনাত আবদুল্লাহর ছেলে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এবং তাঁর ভাই খোকন সেরনিয়াবাত আলোচনায় আছেন।
আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র বলছে, খুলনায় শেখ জুয়েল ও সাবেক মেয়র তালুকদার আবদুল খালেকের নাম বেশি আলোচনায়। দলের অভ্যন্তরীণ জরিপে এসেছে, খুলনায় বিএনপির তুলনায় আওয়ামী লীগের অবস্থান ভালো নয়। বিএনপির বর্তমান মেয়র মনিরুজ্জামান শক্তিশালী প্রার্থী।


এ ছাড়া আওয়ামী লীগের প্রার্থী নিয়ে সংকটও আছে। সাবেক মেয়র তালুকদার আবদুল খালেকের নাম আলোচনায় থাকলেও তিনি এখন বাগেরহাট-৩ আসনের সাংসদ। তাঁকে মেয়র পদে নির্বাচন করতে হলে সাংসদ পদ থেকে ইস্তফা দিতে হবে। তবে তিনি এই মুহূর্তে মেয়র পদে নির্বাচন করার ব্যাপারে আগ্রহী নন।
তালুকদার আবদুল খালেক প্রথম আলোকে বলেন, ‘বিপুল উন্নয়নের পরও যেখানে একবার হেরেছি, সেখানে আর নির্বাচন করতে যাব না।’
অন্যদিকে শেখ জুয়েল আগে কখনো নির্বাচনে অংশ নেননি। ফলে তাঁর পারিবারিক পরিচিতি থাকলেও রাজনৈতিক পরিচিতি এতটা নেই। এ ছাড়া স্থানীয় আওয়ামী লীগের কেউ কেউ ভেতরে ভেতরে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তবে তাঁরাও খুব শক্তিশালী প্রার্থী নন।


অন্যদিকে গাজীপুরে আওয়ামী লীগের মেয়র পদে মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের নামই বেশি শোনা যাচ্ছে। এর মধ্যে আজমত উল্লাহ টঙ্গী পৌরসভার দীর্ঘদিনের মেয়র ছিলেন। গাজীপুর ও টঙ্গী নিয়ে সিটি করপোরেশন ঘোষণার পর প্রথম নির্বাচনে মেয়র পদে তিনি বিএনপির প্রার্থী এম এ মান্নানের কাছে হেরে যান।
ওই নির্বাচনে তৎকালীন ছাত্রনেতা জাহাঙ্গীর আলম দলীয় সমর্থন চেয়ে ব্যর্থ হয়ে বিদ্রোহী হিসেবে নির্বাচন করেছিলেন। প্রথমে নির্বাচন কমিশন তাঁর প্রার্থিতা বাতিল করে। পরে হাইকোর্টের আদেশে তিনি প্রতীক বরাদ্দ পান এবং নির্বাচনী প্রচারণা শুরু করেন। পরে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দেনদরবার, হাসপাতালে ভর্তিসহ নানা নাটকের পর নির্বাচন থেকে সরে দাঁড়ান।
জাহাঙ্গীর এখন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছেন। মেয়র নির্বাচন করার পরিকল্পনা থেকে দীর্ঘদিন ধরেই মাঠে আছেন। দলের দায়িত্বশীল সূত্র বলছে, উচ্চ পর্যায় থেকে তাঁকে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। দলের অভ্যন্তরীণ জরিপ অনুসারে, মাঠে তাঁর অবস্থা ভালো।


জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, তিনি গত নির্বাচনের পর থেকেই কাজ করছেন। দল থেকে তাঁকে কাজ চালিয়ে যেতে বলেছেন। এখন নির্বাচনের তফসিল ঘোষণা হলে বাকি আনুষ্ঠানিকতা শুরু হবে।
আওয়ামী লীগের অভ্যন্তরীণ মূল্যায়ন হচ্ছে, খুলনা ও বরিশালে দলটির অবস্থান এতটা ভালো নয়। বাকিগুলোতে ভালো প্রার্থীও আছেন।