বিএনপিকে পাকিস্তানি আদর্শের দল বললেন হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি পাকিস্তানি আদর্শের দল। পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নেই এ দলটি নানাভাবে ষড়যন্ত্র করছে। বাংলাদেশে তাদের রাজনীতি করার সময় ফুরিয়ে এসেছে।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ আয়োজিত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হানিফ এসব কথা বলেন।

বঙ্গবন্ধু হত্যার পরিকল্পনাকারী হিসেবে জিয়াউর রহমান ও খন্দকার মোশতাকের নাম উল্লেখ করে তাঁদের মরণোত্তর বিচার দাবি করেন মাহবুব উল আলম হানিফ। তিনি সরকারের কাছে স্বাধীন তদন্ত কমিশন গঠন করে জিয়াউর রহমানসহ অন্যান্য পরিকল্পনাকারীর মুখোশ উন্মোচনের দাবি জানান।

এক পলাতক কর্মীর রিকশা চালানোর কথা উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের কান্নার প্রসঙ্গ ধরে হানিফ বলেন, ‘এ কর্মীই যখন পেট্রলবোমা মেরে, গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যা করেছে, তখন তার এ কান্না কোথায় ছিল?

অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার সাক্ষীদের জবানিতে উঠে এসেছে বঙ্গবন্ধু হত্যার মাস্টারমাইন্ড ছিলেন জিয়াউর রহমান। আর তারেক রহমান ২১ আগস্ট গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড। তিনি বলেন, বিএনপির এখন মূল টার্গেট হলো শেখ হাসিনাকে হত্যা করা। তাঁকে হত্যা করতে পারলেই দেশের উন্নয়নকে রুখে দিয়ে তারা এ দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে পারবে।

অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতায় বিজয়ী মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৫৫ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার হিসেবে দুটি করে বই ও সনদ তুলে দেওয়া হয়। তিন বিভাগে তিনজন করে শ্রেষ্ঠ নয় বিজয়ীকে সম্মাননা ক্রেস্টও দেওয়া হয়। বিজয়ী শিক্ষার্থীদের ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘ড. এম এ ওয়াজেদ মিয়া স্মারক গ্রন্থ’ প্রদান করা হয়। রচনা প্রতিযোগিতায় ২০০ প্রতিযোগী অংশ নিয়েছিলেন।

অনুষ্ঠানে প্রথম পর্যায়ে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। পরে তাঁর অনুপস্থিতিতে সভাপতির দায়িত্ব পালন করেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার। অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক সিরাজুল হক, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য অধ্যাপক শাহীনুর রহমান, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য অধ্যাপক আনোয়ারা বেগম প্রমুখ।