বিএনপিকে বাঁচিয়ে রেখেছে মিডিয়া: মায়া

বিএনপিকে গণমাধ্যমগুলো বাঁচিয়ে রেখেছে বলে মনে করেন ত্রাণমন্ত্রী ও ঢাকা মহানগর আওলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি গণমাধ্যমের কর্মীদের উদ্দেশে বলেন, ‘এক সপ্তাহ আপনারা বিএনপির সংবাদ দিয়েন না, আমাদেরওটাও দিয়েন না। দেখেন, জনগণ কোন দিকে যায়। এদের (বিএনপি) আর পাওয়া যাবে না।’
আজ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির নেতৃত্বাধীন বিরোধী জোটের অবরোধবিরোধী অবস্থান কর্মসূচিতে মায়া এসব কথা বলেন।
মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, ‘খালেদার অবরোধ কর্মসূচির দামও নেই, প্রভাবও নাই। জনগণকে নাটকের মাধ্যমে বিভ্রান্ত করবেন না। অবরোধ দিয়ে দেশের সাধারণ মানুষকে আর কষ্ট দিবেন না।’ তিনি বলেন, বিশ্ব ইজতেমা যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হতে না পারে, এ জন্যই খালেদা জিয়া অবরোধ চালিয়ে যাচ্ছেন। এতে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। এই পাপের প্রায়শ্চিত্ত খালেদাকে করতেই হবে।’
অবরোধে যারা গাড়ি পোড়াচ্ছে, তারা তারেক রহমানের বেতনভুক্ত সন্ত্রাসী দাবি করেন মায়া।
এ সময় ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, খাদ্যমন্ত্রী ও যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ উপস্থিত ছিলেন।