বিএনপিকে বাইরে রেখে আর কোনো নির্বাচন হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাঁরা বিএনপির নিবন্ধন বাতিল হবে বলে আস্ফালন করছেন, তাঁদের মনে রাখা উচিত, বিএনপি এ দেশের গণমানুষের সংগঠন। বিএনপিকে বাইরে রেখে এ দেশে আর কোনো নির্বাচন হবে না। কোনো দলীয় সরকারের অধীনে নয়, আগামী নির্বাচন হবে নিরপেক্ষ সরকারের অধীনে।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারাবন্দিত্বের ১১তম বার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার দলীয় কার্যালয়ে খুলনা মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে বক্তারা বলেন, এ দেশে জাতীয়তাবাদী রাজনীতির বিকাশকে স্তব্ধ করতে দেশি-বিদেশি চক্রান্ত অব্যাহত রয়েছে। তারাই পরিকল্পিতভাবে ওয়ান-ইলেভেনের সৃষ্টি করেছিল এবং তারেক রহমানকে হত্যার নীলনকশা তৈরি করেছিল।
বক্তারা বলেন, সেনাসমর্থিত সরকারের উত্তরসূরি আওয়ামী লীগ বিনা ভোটে রাষ্ট্রক্ষমতা দখল করে রেখেছে। তারা বিচার বিভাগকে প্রভাবিত করে খালেদা জিয়া, তারেক রহমানসহ বিএনপির শীর্ষ নেতাদের সাজা প্রদানের মাধ্যমে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে দূরে রাখতে চায়।
মহানগর বিএনপির প্রচার সম্পাদক আসাদুজ্জামান মুরাদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সাবেক সাংসদ কাজী সেকেন্দার আলী, সাবেক সাংসদ সৈয়দা নার্গিস আলী, বিএনপির নেতা শেখ মোশারফ হোসেন, জাফরউল্লাহ খান, শেখ খায়রুজ্জামান, শাহজালাল বাবলু, রেহানা ঈসা, শেখ ইকবাল হোসেন, স ম আবদুর রহমান, ফখরুল আলম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, সিরাজুল হক, মাহবুব কায়সার, মহিবুজ্জামান কচি, শেখ শাহিনুল ইসলাম, শের আলম, আজিজুল হাসান, মুজিবর রহমান প্রমুখ।