গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন বলেছেন, নির্বাচন যারা বানচাল করতে চেয়েছিল, তারা রাজনৈতিক ভুল করেছিল। বিএনপিকে ভুলের মাশুল দিতে হবে। দেশে মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা নেই।
গতকাল শনিবার বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভা আওয়ামী লীগ আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী দাবি করেন, খালেদা জিয়া জঙ্গি নেত্রী হিসেবে নিজেকে প্রকাশ করেছেন। জামায়াত আজ বিএনপির পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। দুই মাস ধরে পেট্রলবোমা মেরে নিরীহ মানুষ হত্যা করে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র করতে চেয়েছিল। কিন্তু বাংলার মানুষ তাতে সাড়া দেয়নি।
ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল আলমের সভাপতিত্ব অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংসদ নজিবুল বশর মাইজভান্ডারী, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম, আওয়ামী লীগ নেত্রী দিলারা ইউসুফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব উদ্দিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা খাদিজাতুল আনোয়ার, মো. ইসমাইল হোসেন, এইচ এম আবু তৈয়ব, স ম বাকের, আবুল মুনছুর, নাজিম উদ্দিন মুহুরী, মুজিবুর রহমান ও বখতিয়ার সাঈদ প্রমুখ।