বিএনপিকে রাজনীতি থেকে বঞ্চিত করা হচ্ছে, এমন অভিযোগ এনে দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, সব গণতান্ত্রিক শক্তির ভূমিকা রাখার সুযোগ করে দেওয়া সরকারের দায়িত্ব। অন্যথায় উগ্রপন্থীদের আবির্ভাব হলে এর দায় সরকারকে নিতে হবে।
গতকাল শনিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রয়াত নাসির উদ্দীন আহম্মেদ পিন্টুর স্মরণ এবং পবিত্র শবে মিরাজ উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে মওদুদ আহমদ এই মন্তব্য করেন। ঢাকা মহানগর বিএনপি এর আয়োজন করে।
মওদুদ আহমদ বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। বর্তমান প্রেক্ষাপটে গণতান্ত্রিক শক্তিগুলোকে দুর্বল করে দেওয়া হচ্ছে। বিএনপিকে গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা করতে দেওয়া হচ্ছে না। এটি জনগণ বা সরকার—কারও জন্যই ভালো নয়। সব দলের সভা-সমাবেশ করার অধিকার থাকতে হবে।
দলের নেতা পিন্টুর কারাগারে মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন মওদুদ আহমদ।
ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব হাবিব-উন-নবী খানও পিন্টুর মৃত্যুর বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন। তিনি বলেন, যাঁরা এর কুশীলব, একদিন অবশ্যই তাঁদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।
সালাহ উদ্দিন সম্পর্কে নতুন তথ্য নেই: ভারতের শিলংয়ে আটকাবস্থায় চিকিৎসাধীন সালাহ উদ্দিন আহমদ সম্পর্কে বিএনপির কাছে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন। গতকাল শনিবার নয়াপল্টনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিপন বলেন, সালাহ উদ্দিনের বিষয়ে তাঁদের কাছে ‘সর্বশেষ’ কোনো তথ্য নেই। এ বিষয়ে তাঁরাও গণমাধ্যমের ওপর নির্ভরশীল। সালাহ উদ্দিনের স্ত্রী শিলং গেলে হয়তো তথ্য পাওয়া যাবে। তিনি জানান, শিলংয়ে থাকা দলের সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফকে দল থেকে পাঠানো হয়নি। তিনি হয়তো নিজের কাজে ভারতে গিয়েছিলেন, সেখান থেকে শিলংয়ে যান।
সংবাদ সম্মেলনে রিপন বলেন, কয়েক দিন ধরে বাংলাদেশি অভিবাসীরা যে সাগরে ভাসছে, তাতে দেশের মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী এত দিন কেন যাননি বা সংশ্লিষ্ট দেশগুলোতে বাংলাদেশের কূটনীতিকেরা কী করেছেন, সে প্রশ্ন তুলে তিনি সরকারের কাছে ব্যাখ্যা দাবি করেন। তিনি বলেন, অভিবাসী সংকট সমাধানে সরকার চাইলে বিএনপি সহযোগিতা দিতে প্রস্তুত আছে। যেসব এলাকার মানুষ সমুদ্রপথে অবৈধভাবে বিদেশে যেতে চাইছে, সেসব এলাকায় কর্মসংস্থান সৃষ্টির দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে জাতীয় মানবাধিকার কমিশনের ভূমিকার সমালোচনা করে এর বর্তমান চেয়ারম্যানের পদত্যাগ এবং সংস্থাটি পুনর্গঠনেরও দাবি জানান রিপন। এ সময় তিনি সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের ঘটনা খতিয়ে দেখতে স্থায়ী টাস্কফোর্স কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে উচ্চ আদালতের দেওয়া রুলের বিষয় তুলে ধরেন। রিপন বলেন, টাস্কফোর্স গঠনের মাধ্যমে মানবাধিকার পরিস্থিতি উন্নতি লাভ করতে পারে। কিন্তু দলবাজদের এতে অন্তর্ভুক্ত করা যাবে না।