বিএনপিকে শেষ করতে সরকার উঠেপড়ে লেগেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করে দলটির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, বাংলাদেশে এখনো সবচেয়ে জনপ্রিয় দল হচ্ছে বিএনপি। সে জন্য একে শেষ করতে সরকার উঠেপড়ে লেগেছে। তিনি দাবি করেন, ‘খবরের কাগজে বিএনপির বিরুদ্ধে নানা রকমভাবে এজেন্সি ও গ্রুপের মাধ্যমে লেখানো হয়। বিএনপিতে বিভেদ, ঐক্য নেই, এই হচ্ছে-সেই হচ্ছে, অমুক গ্রুপ-তমুক গ্রুপ। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এগুলো কিছুই নয়। বিএনপি জনগণের সঙ্গে আছে, থাকবে।’
গত শনিবার ঈদ শুভেচ্ছাবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খালেদা জিয়া এসব কথা বলেন। তিনি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দলীয় নেতা-কর্মী, রাজনীতিক, বিশিষ্ট নাগরিক, পেশাজীবী ও বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
বিএনপি রাজপথে সক্রিয় নয় কেন—এমন প্রশ্নের জবাবে খালেদা জিয়া বলেন, ‘বিএনপির নামে শুধু মামলা আর মামলা। আমাদের অনেক নেতা-কর্মী জেলে আছে। কত ছেলে যে গুম হয়েছে, তার হিসাব নেই। কাজেই বিএনপিকে এখন পুনর্গঠিত হতে হবে। এরপর আমরা জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন করব।’ তিনি বলেন, ‘বাংলাদেশ একটা সম্ভাবনাময় দেশ। এই দেশকে সকলে মিলে গড়ে তুলতে হলে সব বিভেদ ভুলে যেতে হবে। রাজনীতিতে দল থাকবে, তাই বলে যে একজনের সঙ্গে আরেকজনের কোনো সম্পর্ক থাকবে না, কেউ কারও চেহারা দেখব না, এটা কোনো রাজনীতি হতে পারে না।’
সাবেক এই প্রধানমন্ত্রী ঈদের দিন বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পেশাজীবী নেতাসহ দলের নেতা-কর্মীদের সঙ্গে এবং সাড়ে ১২টা থেকে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
কূটনীতিকদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকায় কূটনৈতিক কোরের ডিন ফিলিস্তিনের বিদায়ী রাষ্ট্রদূত শাহের মোহাম্মদ, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট, রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্দার নিকোলায়েভ, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদন, ভারতের হাইকমিশনার পংকজ সরন, পাকিস্তানের হাইকমিশনার সুজা আলম, নেপালের রাষ্ট্রদূত হরি কুমার শ্রেষ্ঠা প্রমুখ। কূটনীতিকদের সেমাই-জর্দাসহ মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়।
এ ছাড়া অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, অধ্যাপক মাহবুবউল্লাহ, অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, সাংবাদিক মাহফুজউল্লাহ ও শওকত মাহমুদ, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, চলচ্চিত্রকার গাজী মাজহারুল আনোয়ার প্রমুখ বিএনপির চেয়ারপারসনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
শুভেচ্ছা বিনিময়কালে দলীয় নেত্রীর পাশে ছিলেন মওদুদ আহমদ, এম কে আনোয়ার, আ স ম হান্নান শাহ, জমিরউদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, রিয়াজ রহমান, ইনাম আহমেদ চৌধুরী, সাবিহ উদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আবদুল আউয়াল মিন্টু ও তাঁর ছেলে তাবিথ আউয়াল, আসাদুজ্জামান (রিপন), বিএনপির চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিমসহ ২০-দলীয় জোটের বিভিন্ন নেতা।
ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে খালেদা জিয়া শেরেবাংলা নগরে স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দেন এবং মোনাজাত করেন। পরে তিনি বনানী কবরস্থানে ছোট ছেলে আরাফাত রহমানের কবর জিয়ারত করেন। এ সময় আরাফাতের দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান দাদির পাশে ছিল।