বিএনপিকে সম্মেলনে আমন্ত্রণ আ. লীগের
আওয়ামী লীগের ২০ তম জাতীয় সম্মেলনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমন্ত্রণ জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে এই আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়।
আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাসের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই আমন্ত্রণপত্র দিতে যায়।
মৃণাল কান্তির সঙ্গে ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য আমিনুল ইসলাম, কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক রিয়াজুল কবির কাওসার, হাসান কবির আরিফ ও আনিসুর রহমান।
পরে মৃণাল কান্তি দাস প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের ২০ তম জাতীয় সম্মেলনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমন্ত্রণ জানানো হয়েছে। মির্জা ফখরুল আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন। তাঁরা সম্মেলনে আসবেন বলে আশাবাদী।
বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল আজ দুপুরের দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। তাদের স্বাগত জানান মির্জা ফখরুল। প্রতিনিধি দলটিকে কার্যালয়ের ভেতরে নিজের কক্ষে নিয়ে যান বিএনপির মহাসচিব। পরে তাঁর হাতে দুজনের আমন্ত্রণপত্র তুলে দেয় আওয়ামী লীগের প্রতিনিধি দলটি।