বিএনপিকে ১টায় সভার অনুমতি, সাড়ে ৪টায় শেষ করার শর্ত

সোহরাওয়ার্দী উদ্যান বা নয়াপল্টনে সমাবেশ নয়, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘আলোচনা সভা’ করার অনুমতি পেয়েছিল বিএনপি। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গতকাল মঙ্গলবার বেলা একটার দিকে ২৭টি শর্তে এই অনুমতি দিয়ে জানায়, ওই দিনই বিকেল সাড়ে চারটার মধ্যে আলোচনা শেষ করতে হবে।
অবশ্য বিএনপি ডিএমপির ওই অনুমতি প্রত্যাখ্যান করেছে। দলটি বলেছে, তারা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সমাবেশের অনুমতিই চায়নি।
পুলিশের অনুমতি পাওয়ার আগে, গতকাল বেলা পৌনে একটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দেন, বিএনপি ১৩ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে। এ ব্যাপারে পুলিশ ও গণপূর্ত অধিদপ্তরকে চিঠি দেওয়া হবে।
ফখরুলের এ ঘোষণার কিছুক্ষণ পর ডিএমপির উপকমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান বিএনপিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ২৭টি শর্তে আলোচনা সভার অনুমতি দেওয়ার কথা গণমাধ্যমকে জানান।
এটাকে বিএনপির সঙ্গে পুলিশের ‘তামাশা’ বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘বিএনপির মতো এত বড় দলের সঙ্গে এটা প্রজাতন্ত্রের পুলিশ বিভাগের অশোভন আচরণ। এতে বিএনপির কিছু হয়নি, বরং পুলিশ বিভাগের ভাবমূর্তি
ক্ষুণ্ন হয়েছে। আমরা ইঞ্জিনিয়ার্সের জন্য অনুমতি চাইনি। ফলে পুলিশের এই অনুমতিতে মানুষ যা বোঝার, তা বুঝে গেছে।’
ডিএমপির অনুমতির খবর পেয়ে গতকাল বেলা দুইটার দিকে সাংবাদিকদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আমরা সমাবেশের অনুমতি চাইনি। আমাদের সিদ্ধান্ত হয়েছে, ১৩ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করব, অন্য কোথাও নয়।’ ১৩ নভেম্বর সমাবেশের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে বলে গত রাতে রিজভী এক বিবৃতিতে জানিয়েছেন।
প্রসঙ্গত, ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন উপলক্ষে বিএনপি গত ১৭ অক্টোবর দলের এক যৌথ সভায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়ে তা গণমাধ্যমকে জানায়। এরপর ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার জন্য অনুমতি চেয়ে ২৪ অক্টোবর ডিএমপির কাছে আবেদন করে বিএনপি। তখন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ‘অন্যান্য দলের’ কর্মসূচি থাকায় সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি দেওয়া হবে না।
এরপর ৮ নভেম্বর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চেয়ে ৫ নভেম্বর আবার আবেদন করে বিএনপি। ৭ নভেম্বর দুপুরে দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে জানানো হয়, তারা ৮ বা ৯ নভেম্বর—যেকোনো দিন সমাবেশ করতে রাজি। কিন্তু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বিএনপিকে চিঠি দিয়ে জানায়, ‘সড়কে সমাবেশ করা যাবে না’। এরপর বিএনপির মহাসচিব গতকাল ১৩ নভেম্বর সোহরাওয়ার্দীতে নতুন করে সমাবেশের কর্মসূচি দেন।
সরকারি দলের নেতারা এর আগে বলেছেন, বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে ৭ নভেম্বরের সমাবেশ করতে দেওয়া হবে না, এরপরও বিএনপি কীভাবে অনুমতি পাওয়ার আশা করে—গতকাল সংবাদ সম্মেলনে এ প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, ‘সভা-সমাবেশ করা আমাদের সাংবিধানিক অধিকার। সমাবেশ করতে না দেওয়া সংবিধান লঙ্ঘন। আমরা অনুমতি চাইতেই থাকব। কারণ, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। অনুমতি দেবে না বা দেবে, সেটা তাদের ওপর নির্ভর করবে।’
মির্জা ফখরুল অভিযোগ করেন, এ সরকার ক্ষমতায় আসার পর থেকে জনসভা করার নির্দিষ্ট যে জায়গাগুলো ছিল, তা ক্রমশ সংক্ষিপ্ত করে ফেলা হয়েছে। পল্টন, মুক্তাঙ্গন বন্ধ করে দেওয়া হয়েছে।
এর আগে সোমবার সংবাদ সম্মেলন করে বিএনপি সমাবেশ করার ব্যাপারে দৃঢ় অবস্থান প্রকাশ করার পর গতকাল সকাল থেকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়। পুলিশের একটি দল বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান নেয়। মহিলা দলের দুই কর্মীকে ধরে নিয়ে গেলে নেতা-কর্মীরা আতঙ্কে কার্যালয়ে ঢোকেননি। ওই এলাকা দিয়ে চলাচলকারী লোকজনকেও পুলিশি জেরার মুখে পড়তে হয়েছে।
পুলিশের দেওয়া শর্ত: গতকাল বেলা একটার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বরাবর ডিএমপি কমিশনারের বিশেষ সহকারী সুদীপ কুমার চক্রবর্তীর সই করা ২৭টি শর্তযুক্ত একটি অনুমতিপত্র গণমাধ্যমকে দেওয়া হয়।
শর্তাবলির মধ্যে রয়েছে: এই অনুমতিপত্র স্থান ব্যবহারের অনুমতি নয়; স্থান ব্যবহারের জন্য অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে; ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের অভ্যন্তরে আলোচনা সভার যাবতীয় কার্যক্রম সীমাবদ্ধ রাখতে হবে; রাষ্ট্রবিরোধী কোনো কার্যকলাপ ও বক্তব্য প্রদান করা যাবে না; উসকানিমূলক কোনো বক্তব্য প্রদান বা প্রচারপত্র বিলি করা যাবে না; আলোচনা সভার নিরাপত্তার জন্য নিজস্ব স্বেচ্ছাসেবক (দৃশ্যমান আইডি কার্ডসহ) নিয়োগ করতে হবে; স্থানীয় পুলিশ প্রশাসনের নির্দেশনা অনুযায়ী নিজস্ব ব্যবস্থাপনায় আলোচনা সভা স্থলের ভেতরে ও বাইরে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে ইত্যাদি।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে সুশাসনের জন্য নাগরিক-সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার প্রথম আলোকে বলেন ডিএমপির এসব শর্ত ‘বিএনপিকে সমাবেশ করতে না দেওয়ার শামিল’। তিনি বলেন, নাগরিকের মৌলিক অধিকার প্রয়োগের ক্ষেত্রে পুলিশের এ ধরনের বিধিনিষেধে প্রশ্ন উঠতে পারে—দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হচ্ছে কি না।
বদিউল আলম মজুমদার বলেন, ‘বিএনপির প্রতি সহানুভূতি না থাকা সত্ত্বেও বলতে হচ্ছে, বিএনপি একটি বৈধ, নিবন্ধিত রাজনৈতিক দল। তার শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মকাণ্ড করার সাংবিধানিক অধিকার আছে। দলটিকে এই অধিকার না দেওয়া সুচিন্তিত সিদ্ধান্ত নয়।’