প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি যদি রাজনৈতিক পদক্ষেপ নিতে ভুল করে থাকে, তবে তার দায়দায়িত্ব বিএনপিকেই নিতে হবে। ভুলের মাশুল তাদেরই দিতে হবে। ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে তারা ভুল করেছে। একটা রাজনৈতিক দল যদি রাজনৈতিক সিদ্ধান্ত নিতে ভুল করে, তাহলে সেটা তার ভুল। ৫ জানুয়ারির নির্বাচন যে পদ্ধতিতে হয়েছে, আগামী নির্বাচনও সেই পদ্ধতিতেই হবে। অসাংবিধানিক সরকার মানুষ চায় না।’ যুক্তরাজ্য সফরকালে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সাক্ষাৎকারটি গতকাল বৃহস্পতিবার সম্প্রচার করা হয়।
বিএনপির সঙ্গে আলোচনার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি একটা জিনিস বুঝি না। সবাই আলোচনা আলোচনা নিয়ে এত ব্যস্ত কেন। আলোচনার জন্য আমি প্রধানমন্ত্রী হিসেবে উদ্যোগ নিয়েছিলাম। নিজে টেলিফোন করে চেষ্টা করেছিলাম, সেটা সবারই জানা। নির্বাচন ঠেকানোর জন্য ৫৮০টি স্কুল পুড়িয়ে দেওয়া হলো, প্রিসাইডিং অফিসারকে হত্যা করা হলো, কেন? নির্বাচনে না এসে অর্থাৎ গণতন্ত্রের পথে না থেকে অগণতান্ত্রিক পথে আসার রাস্তা করে দেওয়াটা কি দেশের জন্য মঙ্গলজনক? বিএনপি-জামায়াত এটা করল। করল কেন? জামায়াত নির্বাচন করতে পারবে না। যেহেতু জামায়াত পারেনি, তাই বিএনপিও করেনি। কিন্তু নির্বাচন হয়ে গেছে। বহু বছর পর সংসদে গালমন্দ, অকথ্য ভাষায় কথা বলা—এসব অসভ্যতা নেই।’
বিএনপির অভিযোগ, আপনারা দেশে একনায়কতন্ত্র কায়েম করার চেষ্টা করছেন—বিবিসির এ প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘বিবিসিতে এসে যখন কোনো বিএনপি নেতা কথা বলে, আমরা কি তার গলা টিপে ধরি? দেশে বর্তমানে ২৭টি বেসরকারি টেলিভিশন চ্যানেল আছে। বিএনপি নেতারা সেখানে কথা বলছে। প্রতিদিন পাঁচজন করে নেতা এখানে বলে যাচ্ছে। সরকারকে গালি দিচ্ছে, আমাকে গালি দিচ্ছে, আমরা কি তার মুখ স্কচটেপ দিয়ে মেরে বন্ধ করে দিয়েছি?’
জামায়াত সম্পর্কে আপনাদের মনোভাব কী? বিবিসির এ প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘জামায়াতের অধিকাংশ নেতা যুদ্ধাপরাধে জড়িত। আদালতে মামলা চলছে। রায় না হওয়ার আগে এ বিষয়ে কোনো কিছু বলার সুযোগ নেই। যুদ্ধাপরাধীদের সম্পর্কে বাংলাদেশের মানুষের যে মনোভাব, আমাদেরও সেই মনোভাব।’ নির্বাচনের পর যুদ্ধাপরাধের বিচার-প্রক্রিয়ার গতিতে ভাটা পড়েছে—এ ধরনের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, আদালতের রায় হওয়ার আগে সরকারের কিছু করার থাকে না। রায় পেলে কার্যকর হবে। এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আমি যদি সরকারে না আসতাম, তাহলে কার সাহস ছিল যুদ্ধাপরাধীদের ফাঁসি দেয়। আমরা জোর গলায় বলতে পারি, আমি এটা করে দেখিয়েছি।’
হেফাজতের সঙ্গে সরকারের সম্পর্ক প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘আমাদের সঙ্গে সবার সম্পর্ক ভালো। সবাইকে সমানভাবে দেখতে হয়। আমি সেটা দেখছি। হেফাজত অভিযোগ করে, অনেক মানুষ মারা গেছে। অনেকে বিদেশে বলেছে, হাজার হাজার মানুষ মারা গেছে, আমরা সে রকম কিছু খুঁজে পাইনি। তারা যে তালিকা দিয়েছিল, তাদের অনেকেই বেঁচে আছেন।’