বিএনপিতে চলছে নানামুখী দ্বন্দ্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মহানগর ও জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে দ্বন্দ্বটা অনেক পুরোনো। তাই এখানে বিএনপি কখনো পুরো সাংগঠনিক শক্তি নিয়ে মাঠে নামতে পারেনি। সম্প্রতি যুবদলের কমিটি গঠনকে কেন্দ্র করে মহানগর বিএনপিতে তৈরি হয়েছে নতুন সংকট।
আর, জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যকার দ্বন্দ্বকে কেন্দ্র করে দুটি পক্ষ এখন মুখোমুখি অবস্থানে আছে। এর এক পক্ষকে আবার মহানগরের একটি পক্ষ পৃষ্ঠপোষকতা দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। সব মিলিয়ে নানামুখী দ্বন্দ্বে জেরবার এখানকার বিএনপি।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মিজানুর রহমানের (মিনু) সঙ্গে জেলা বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী নাদিম মোস্তফার দ্বন্দ্ব অনেক পুরোনো। চারদলীয় জোট ক্ষমতায় থাকাকালেই এখানকার বিএনপিতে দুটি ধারা তৈরি হয়। এখন তা চারটি ধারায় পরিণত হয়েছে বলে দলটির স্থানীয় নেতারা জানিয়েছেন।
এর মধ্যে মহানগর কমিটিতে মিজানুর রহমানের সঙ্গে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেনের (বুলবুল) দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। মোসাদ্দেক হোসেনকে যুবদলের মহানগর সভাপতির পদ থেকে সরিয়ে দিয়ে মহানগর বিএনপিতে সহসভাপতির পদ দেওয়া হয়। এরপর তাঁকে বাদ দিয়ে যুবদলের কমিটি গঠন করা হয়। এ জন্য মিজানুর রহমানকে দায়ী করে দুই দফা তাঁর বাড়ি ঘেরাও করেন মোসাদ্দেকের অনুসারীরা।
একপর্যায়ে মিজানুর রহমানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে মোসাদ্দেকের সমর্থক বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর প্রায় এক হাজার নেতা-কর্মী গত ৩০ আগস্ট সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। যুবদলেরও ৭০ জন নেতা একইভাবে পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগ করেছেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদকও। পরিস্থিতি সামাল দিতে যুবদলের নতুন কমিটি স্থগিত করা হয়।
সদ্য পদত্যাগ করা নগরের তিন নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তাজউদ্দিন আহমেদ অভিযোগ করেন, মিজানুর রহমান বিএনপিকে ব্যক্তিগত সম্পত্তি মনে করেন। দলের অভ্যন্তরে কোনো গণতন্ত্র নেই। দলে যত দিন গণতান্ত্রিক পরিবেশ ফিরে না আসবে, তত দিন তিনি আর দলে ফিরবেন না।
অবশ্য এই অভিযোগ অস্বীকার করেন মিজানুর রহমান। তিনি প্রথম আলোর কাছে দাবি করেন, তাঁদের মধ্যে কোনো বিভেদ নেই।
আর, মোসাদ্দেক হোসেন এ বিষয়ে প্রথম আলোর সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি।
মোসাদ্দেক ২০০৩ সাল থেকে যুবদলের মহানগর সভাপতি। ২০১২ সালে কেন্দ্র থেকে তাঁর নেতৃত্বাধীন যুবদলের কমিটি ভেঙে দেওয়া হয়। এ জন্য তাঁর অনুসারীরা মিজানুর রহমানকে দায়ী করেন এবং কমিটি ভাঙার খবর পেয়ে ওই রাতেই মিজানুরের বাড়ি ঘেরাও করেন। এরপর মোসাদ্দেককে প্রধান করে যুবদলের আহ্বায়ক কমিটি করা হয়।
এরপর মিজানুর ও মোসাদ্দেকের নেতৃত্বে বিএনপির দুটি ধারা নীরবে চলে আসছিল। গত বছর মোসাদ্দেক মেয়র নির্বাচিত হওয়ার পর দলে তাঁর প্রভাব বেশ বৃদ্ধি পায়। গত ২৩ আগস্ট কেন্দ্র থেকে মোসাদ্দেক হোসেন এবং তাঁর সমর্থকদের বাদ দিয়ে ১৬৯ সদস্যবিশিষ্ট মহানগর যুবদলের নতুন কমিটি ঘোষণার সঙ্গে সঙ্গে মোসাদ্দেক ও মিজানুরের অনুসারীরা মুখোমুখি অবস্থানে চলে যান।
এদিকে মহানগর বিএনপির এই জেরবার অবস্থার মধ্যে মিজানুরের বিরুদ্ধে জেলা বিএনপিতেও বিভেদ সৃষ্টির অভিযোগ তুলেছেন জেলার সভাপতি নাদিম মোস্তফার অনুসারীরা।
বিএনপির রাজশাহী জেলা কমিটিতে নাদিম মোস্তফার বিরুদ্ধে মুখোমুখি অবস্থান নিয়েছেন সাধারণ সম্পাদক কামরুল মনির। এই কামরুল মহানগর বিএনপির নেতা মিজানুর রহমানের অনুসারী হিসেবে পরিচিত। জেলা বিএনপির ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ থাকা নাদিম মোস্তফার বিরুদ্ধে ‘স্বেচ্ছাচারিতার’ অভিযোগ এনে কামরুল মনিরের নেতৃত্বে শতাধিক নেতা গত ২৮ আগস্ট কেন্দ্রের মহাসচিব বরাবর পদত্যাগের প্রস্তাব পাঠান। অবশ্য তাঁদের পদত্যাগ গৃহীত হয়নি। জেলার এ সংকট সমাধানে কেন্দ্রীয় বিএনপি সময় নিয়েছে।
কয়েক দিন ধরে নানাভাবে যোগাযোগের চেষ্টা করেও এ বিষয়ে নাদিম মোস্তফার বক্তব্য পাওয়া যায়নি। তাঁর ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, তিনি এ সময় রাজনীতি নিয়ে কথা বলবেন না। তাঁর পক্ষে রাজশাহী জেলা বিএনপির সহসভাপতি তোফাজ্জল হোসেন বলেন, মহানগর থেকে জেলার রাজনীতিতে হস্তক্ষেপ করার কারণে এই বিভক্তির সৃষ্টি হয়েছে।