
এক বছর আগেও চট্টগ্রাম নগর বিএনপির রাজনীতির নিয়ন্ত্রণ ছিল কেন্দ্রীয় তিন নেতার কাছে। তাঁদের ব্যক্তিগত রেষারেষি ও মতভিন্নতার কারণে চট্টগ্রামে দলের তিনটি পক্ষ সক্রিয় ছিল। এ নিয়ে মারামারিও কম হয়নি। গত বছরের এপ্রিল মাসে বিএনপির কেন্দ্রীয় কমিটি গঠনের পর স্থানীয় রাজনীতি থেকে অনেকটাই দূরে সরে যান তিন নেতা—আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল্লাহ আল নোমান ও মীর মোহাম্মদ নাছিরউদ্দিন।
চট্টগ্রামে নতুন নেতৃত্ব এলেও দলে ‘পকেট পলিটিকস’ (অনুগত নেতা-কর্মীদের নিয়ে ব্যক্তি স্বার্থে দলীয় কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ) বেড়ে গেছে বলে মনে করেন দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। প্রথম আলোকে তিনি বলেন, কিছু নেতা নিজের নামে ‘গ্রুপ’ (নিজ অনুসারীদের নিয়ে দলে পৃথক বলয় তৈরি করা) সৃষ্টি করে দলের ক্ষতি করছেন। বিএনপিকে এই পকেট পলিটিক্স থেকে বেরিয়ে আসতে হবে।
তবে চট্টগ্রাম নগর বিএনপির নতুন সভাপতি শাহাদাত হোসেনের দাবি, তাঁরা কোনো ভাইয়ের ‘পকেট’ রাজনীতি করেন না। তিনি বলেন, ‘সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর ম্যাডাম (খালেদা জিয়া) আমাকে বলেছিলেন চট্টগ্রামে গ্রুপিং বেশি। তুমি দলকে ঐক্যবদ্ধ করো। তিন কান্ডারি নোমান, খসরু ও নাছির ভাইকে পর্যায়ক্রমে দলীয় কর্মসূচিতে প্রধান অতিথি করছি। এতে তিনজনের অনুসারীরাই মনে করছেন, আমরা নির্দিষ্ট কোনো ভাইয়ের পকেটে থেকে রাজনীতি করি না।’
বিএনপির কেন্দ্রীয় কমিটিতে চট্টগ্রাম অঞ্চল থেকে পাঁচজন নেতা দলের গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন। আমীর খসরু স্থায়ী কমিটির সদস্য হয়েছেন। আবদুল্লাহ আল নোমান আগের দুই মেয়াদের মতোই ভাইস চেয়ারম্যান রয়ে গেছেন। মীর মোহাম্মদ নাছিরউদ্দিন চেয়ারপারসনের উপদেষ্টার পদ থেকে হয়েছেন ভাইস চেয়ারম্যান। এ ছাড়া দলের যুগ্ম মহাসচিবের পদ পেয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সভাপতি আসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হয়েছেন মাহবুবুর রহমান। এর মধ্যে প্রথম তিনজন নগর বিএনপির রাজনীতির মূল নিয়ন্ত্রক। কমিটি গঠনের পর থেকে তাঁরা স্থায়ীভাবে ঢাকায় থাকছেন। কেবল দলীয় কর্মসূচি থাকলে চট্টগ্রামে আসেন। ফলে স্থানীয় রাজনীতিতে নতুন নেতৃত্ব তৈরি হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে বলে মনে করেন নেতা-কর্মীরা।
আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বৃহত্তর দায়িত্ব পালনের কারণে চট্টগ্রামে কম থাকি। চট্টগ্রামের নেতৃত্ব তরুণদের হাতে। আমরা তাঁদের সার্বক্ষণিক সহযোগিতা করছি।’
২০০৯ সালের পর চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপিতে সম্মেলন হচ্ছে না। সম্মলেন ছাড়াই এই তিনটি সাংগঠনিক কমিটি কেন্দ্র থেকে ঘোষণা করা হচ্ছে। অথচ গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পর পর কমিটি হওয়ার কথা। চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানের দাবি, সরকারি বাধার কারণে সম্মেলন করতে পারছেন না তাঁরা। তিনি বলেন, ‘আমাদের ঠিকমতো সভা-সমাবেশ করতে দেওয়া হয় না। সম্মেলন করবো কিভাবে?’
চট্টগ্রাম নগর বিএনপির বর্তমান সভাপতি শাহাদাত হোসেন আশির দশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ছিলেন। নগর কমিটির সাধারণ সম্পাদক আবুল হাশেম প্রথমে ছাত্রদল পরে যুবদল হয়ে এই পর্যায়ে এসেছেন। গত বছরের আগস্ট মাসে এই দুজনসহ তিনজনকে নিয়ে চট্টগ্রাম নগর কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি।
চট্টগ্রাম নগর বিএনপির এর আগের কমিটির সভাপতি ছিলেন আমীর খসরু। তাঁর সঙ্গে সাধারণ সম্পাদক পদে ছিলেন শাহাদাত হোসেন। ২০০৯ সালে আমীর খসরুর নেতৃত্বাধীন কমিটি ঘোষণার আগে সম্মেলন পণ্ড করে দেন নোমানের অনুসারীরা। এর আগে চারদলীয় জোট সরকারের আমলে মীর নাছির ছিলেন নগর কমিটির সভাপতি। তখন নোমান ও নাছির এই দুই ভাগে বিভক্ত ছিল বিএনপি।
নতুন কমিটি এখন পর্যন্ত নোমান ও নাছিরের সহযোগিতা পেয়ে আসছে। আবদুল্লাহ আল নোমান বলেন, এই কমিটি কেন্দ্রীয়ভাবে করা হয়েছে। কমিটিকে সহযোগিতা করে যাচ্ছেন তিনি।
মীর মোহাম্মদ নাছিরউদ্দিন বলেন, ‘শাহাদাত-হাশেম দুজনই তরুণ এবং মাঠের কর্মী। ওরা ধীরে ধীরে নিজেদের ডেভেলপ (উন্নত) করছে।’
নগর বিএনপির কোন্দলের আপাত অবসান হলেও সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তিন কান্ডারির মধ্যে আবারও মতবিরোধ দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন নেতা-কর্মীরা। নগর বিএনপির এক নেতা বলেন, চট্টগ্রাম নগরের তিনটি সংসদীয় আসনের মধ্যে একটি আমীর খসরুর জন্য নির্দিষ্ট। আরেকটি আসনে লড়বেন আবদুল্লাহ আল নোমান। মীর নাছির দুবার চট্টগ্রামে মেয়র নির্বাচন করে হেরে যান। তিনি নগরের পাশের হাটহাজারী থেকে নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেছেন। নগরের আরেকটি আসনে বিএনপির একক কোনো প্রার্থী নেই। এই আসনে নগরের সভাপতিসহ দলের এক কেন্দ্রীয় নেতা নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন। এই দুটি আসনের প্রার্থিতা নিয়ে আগামী দিনে দলে বিরোধ আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন নেতা-কর্মীরা।
নগর শান্ত হলেও চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা বিএনপিতে দলীয় কোন্দল প্রকট। দক্ষিণ জেলা বিএনপি সভা ডাকলে মারামারির পর তা পণ্ড হয়ে যাবে, এটি প্রায় নিয়মে পরিণত হয়েছে। গত পাঁচ বছরে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে দলের চারটি বড় সভাই পণ্ড হয়েছে। দলীয় কোন্দলে বেসামাল অবস্থা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপিরও।
কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে গত ২ মে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কর্মিসভায় দলের দুই নেতার অনুসারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ির নাসিমন ভবনে অনুষ্ঠিত এই সভা পরে তড়িঘড়ি করে শেষ করা হয়। পরদিন ৩ মে চট্টগ্রামের পটিয়া উপজেলার একটি মিলনায়তনে দক্ষিণ জেলা বিএনপির কর্মিসভা সংঘর্ষের কারণে পণ্ড হয়ে যায়। এ ঘটনার পর ১৭ মে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্যসচিব কাজী আবদুল্লাহ আল হাসান ও দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাজী শাহজাহান জুয়েলকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়।
চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলার মধ্যে আটটি উপজেলা নিয়ে দক্ষিণ জেলা বিএনপি গঠিত। আট উপজেলা হচ্ছে আনোয়ারা, বাঁশখালী, পটিয়া, বোয়ালখালী, চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া ও কর্ণফুলী।
দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি ইদ্রিস মিয়া প্রথম আলোকে বলেন, সভাপতি ও সাধারণ সম্পাদকের দ্বন্দ্বের কারণে দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক কাঠামো ভেঙে গেছে। তাঁরা দুজন কেউ কারও নেতৃত্ব মানতে চান না।
অব্যাহতি পাওয়া গাজী শাহজাহান জুয়েল মুঠোফোনে বলেন, ‘কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে দলের সভাপতির সঙ্গে আমি এক মঞ্চে কাজ করতে পারিনি।’ তাঁর দাবি, অতীতের বিভিন্ন সভায় সংঘর্ষের ঘটনার জন্য তাঁর অনুসারীরা জড়িত নন। সর্বশেষ পটিয়ার সভায় সংঘর্ষের বিষয়ে তিনি বলেন, ‘সেখানেও আমার কোনো ভূমিকা ছিল না। আমার বাড়ি পটিয়ায়। এ জন্য আমাকে দায়ী করা হয়েছে।’
তবে দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরীর দাবি, বহিরাগত দুষ্কৃতকারীরা দলীয় কর্মসূচিগুলোতে হামলা চালিয়েছিল। এদের সঙ্গে শাহজাহান জুয়েলের লোকজনকে দেখা গেছে। তিনি বলেন, ‘শাহজাহান জুয়েলের সঙ্গে ২০১২ সালে দুই-একটি কর্মসূচি ঐক্যবদ্ধভাবে পালন করেছি। এরপর তাঁকে আর মোবাইল ফোনে পেতাম না। তিনি নাকি দেশের বাইরে থাকতেন।’
দক্ষিণের মতো চট্টগ্রাম উত্তর জেলা বিএনপিও দ্বিধাবিভক্ত। জেলা কমিটির আহ্বায়ক আসলাম চৌধুরীর সঙ্গে সদস্যসচিব (সদ্য অব্যাহতি পাওয়া) কাজী আবদুল্লাহ আল হাসানের দ্বন্দ্ব চরমে।
দলীয় সূত্র জানায়, মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি কার্যকর হওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর পরিবারকে ঘিরে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কার্যক্রম পরিচালিত হতো। আসলাম চৌধুরী ২০০৯ সালে উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হন সাকা চৌধুরীর আশীর্বাদ নিয়ে। তাঁর কমিটির সভাপতি ছিলেন সাকার ভাই গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। কিন্তু বিভিন্ন বিষয়ে দুজনের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। একপর্যায়ে ২০১৪ সালের ২৬ আগস্ট এই কমিটি ভেঙে দিয়ে আসলাম চৌধুরীকে আহ্বায়ক করা হয়। সদস্যসচিব হন কাজী আবদুল্লাহ আল হাসান। তিনি গিয়াসউদ্দিন কাদেরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
আসলাম চৌধুরী গত বছরের ১৮ এপ্রিল বিএনপির যুগ্ম মহাসচিব হন। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে হাত মিলিয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর খিলক্ষেত থেকে গত বছরের ১৫ মে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আওতাধীন সাত উপজেলা হচ্ছে মিরসরাই, সীতাকুণ্ড, সন্দ্বীপ, ফটিকছড়ি, রাউজান, রাঙ্গুনিয়া ও হাটহাজারী।
উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরুল আমিন অভিযোগ করেন, কাজী আবদুল্লাহ আল হাসান দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য দায়ী। আহ্বায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর আসলাম চৌধুরীকে সাংগঠনিক কাজ পরিচালনায় বাধা দিতেন তিনি।
উত্তর জেলা বিএনপির সাবেক সহসভাপতি নাজিম উদ্দিনও তৃণমূলে বিভেদ সৃষ্টির জন্য কাজী হাসানকে দায়ী করেন। এ জন্য দলকে ভুগতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
তবে অব্যাহতি পাওয়া সদস্যসচিব কাজী আবদুল্লাহ আল হাসান বলেন, ‘আমি পাল্টা কমিটি করিনি। দলের ত্যাগী ও মামলা-হামলার শিকার নেতাদের দিয়ে বিভিন্ন উপজেলায় কমিটি করি। আসলাম সাহেব সেই কমিটির অনুমোদন না দিয়ে নিজের ইচ্ছায় কমিটি করেছেন।’