পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়নপত্র জমাদানের শেষ সময় ছিল।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে ২৯ জন, ইউপি সদস্যপদে ২৫০ জন ও সংরক্ষিত নারী সদস্যপদে ৭৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আছেন পাঁচজন ও বিএনপির ছয়জন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, বাংলাবান্ধা ইউনিয়নে চেয়ারম্যান পদে পাঁচজন, সদস্যপদে ৩১ জন, সংরক্ষিত নারী সদস্যপদে ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিরনইহাট ইউনিয়নে চেয়ারম্যান পদে পাঁচজন, সদস্যপদে ৩৫ জন, সংরক্ষিত নারী সদস্যপদে ১০ জন; তেঁতুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে পাঁচজন, সদস্যপদে ৩৬ জন, সংরক্ষিত নারী সদস্যপদে নয়জন; শালবাহান ইউনিয়নে চেয়ারম্যান পদে পাঁচজন, সদস্যপদে ৩১ জন, সংরক্ষিত নারী সদস্যপদে নয়জন; বুড়াবুড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে ছয়জন, সদস্যপদে ৩২ জন, সংরক্ষিত নারী সদস্যপদে ১০ জন; ভজনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে তিনজন, সদস্যপদে ৩৯ জন, সংরক্ষিত নারী সদস্যপদে ১০ জন এবং দেবনগর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে পাঁচজন, সদস্যপদে ৪৬ জন ও সংরক্ষিত নারী সদস্যপদে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বিদ্রোহী প্রার্থীরা হলেন, বাংলাবান্ধা ইউনিয়নে আওয়ামী লীগের নায়বুল ইসলাম ও আবদুল লতিফ, বিএনপির রাশেদ আলী; তিরনইহাটে বিএনপির রফিকুল ইসলাম, আবু তাহের ও বাবুল ইসলাম। তেঁতুলিয়ায় আওয়ামী লীগের দুজন বিদ্রোহী প্রার্থী আছেন। তাঁরা হলেন জাহাঙ্গীর আলম মিয়া ও শরিফুল্লাহ। শালবাহানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়েছেন আবদুল হাকিম। বুড়াবুড়িতে বিএনপির বিদ্রোহী প্রার্থী তারেক হোসেন; ভজনপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. মোসলেম উদ্দিন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, দলীয় সিদ্ধান্ত সবাইকে মেনে নিয়ে নির্বাচন করতে হবে। কেউ বিরোধিতা করলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হবে। একই কথা বলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মাহামুদুর রহমান।
তেঁতুলিয়া উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ২২ মার্চ এসব ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২২ ফেব্রুয়ারি। যাচাইবাছাই হবে ২৩ ও ২৪ ফেব্রুয়ারি ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২ মার্চ। প্রতীক বরাদ্দ হবে ৩ মার্চ। এ উপজেলায় মোট ভোটারসংখ্যা ৭৬ হাজার ৫৪৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৮ হাজার ২৪২ এবং মহিলা ভোটার ৩৮ হাজার ৩০৫ জন।