বিএনপিতে তিন ধারা, কার্যত অভিভাবকহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি এলাকায় থাকেন না। সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় কারাগারে আছেন সাধারণ সম্পাদক। মামলার কারণে সাংগঠনিক সম্পাদকও প্রায় আত্মগোপনে। ফলে কার্যত অভিভাবকহীন হয়ে পড়েছে জেলা বিএনপি। এর ওপর দলে রয়েছে তিন ধারার বিভক্তি। এই বিভক্তির প্রভাব পড়েছে সব অঙ্গ ও সহযোগী সংগঠনেও।
জেলা বিএনপির সাংগঠনিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে কয়েকজন নেতা এসব তথ্য দেন। তাঁরা বলেন, বিভক্তির কারণে জেলা বিএনপির চেইন অব কমান্ড ভেঙে গেছে। জেলা বিএনপির কোনো কার্যালয় নেই। সাধারণ সম্পাদক জি কে গউছ শহরের শায়েস্তানগরে তাঁর ব্যক্তিগত কার্যালয় থেকে সাংগঠনিক কার্যক্রম চালাতেন। তিনি কারাগারে যাওয়ার পর তাও বন্ধ। তিন পক্ষ পৃথকভাবে কর্মসূচি পালন করে।
জেলা বিএনপির সূত্র বলেছে, ২০০৯ সালের ৩০ নভেম্বর শহরের শিরীষতলায় জেলা বিএনপির একটি অংশ সম্মেলন ডাকে। একই জায়গায় অপর অংশও সম্মেলনের ঘোষণা দিলে প্রশাসন ১৪৪ ধারা জারি করে। পরে একটি অংশ মাধবপুর উপজেলার নওয়াপাড়ায় কাউন্সিল করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত করে সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ ফয়সলকে। সাধারণ সম্পাদক করা হয় সাবেক সাংসদ ও যুক্তরাজ্যপ্রবাসী শেখ মো. সুজাত মিয়া। আর সাংগঠনিক সম্পাদক হন ছাত্রদলের সাবেক নেতা এনামুল হক সেলিম। অপর অংশ কাসেদ চৌধুরীকে সভাপতি ও মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে পাল্টা কমিটি ঘোষণা করে। তবে কেন্দ্রীয় বিএনপি কোনো কমিটিকেই অনুমোদন দেয়নি। পরে কেন্দ্র থেকে ২০১১ সালের ২৬ এপ্রিল সৈয়দ মোহাম্মদ ফয়সলকে সভাপতি, শেখ সুজাতকে সহসভাপতি, হবিগঞ্জ পৌরসভার মেয়র (সদ্য সাময়িক বরখাস্ত হওয়া) জি কে গউছকে সাধারণ সম্পাদক ও এনামুল হক সেলিমকে সাংগঠনিক সম্পাদক করে ১৫১ সদস্যের জেলা কমিটি ঘোষণা করা হয়।
কিন্তু তৃণমূলের নেতা-কর্মীদের ক্ষোভ এতে কমেনি। তাঁদের অভিযোগ, কমিটিতে ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয়নি। বিএনপির কর্মী খুর্শেদ আলম চৌধুরী বলেন, দলের বড় নেতারা নিজেদের পছন্দের লোকজন দিয়ে কমিটি করেছেন। কমিটির অর্ধেকেরও বেশি নেতা জেলা সদরের বাইরে থাকেন, যে কারণে জেলা কমিটি সভা ডাকলে কোরাম হয় না। কমিটি অকার্যকর হয়ে পড়েছে।
দলীয় সূত্র বলছে, একপর্যায়ে জেলা বিএনপি তিন অংশে বিভক্ত হয়ে পড়ে। এই তিন পক্ষের নেতৃত্বে যথাক্রমে জি কে গউছ, এনামুল হক এবং জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আমিনুর রশিদ এমরান। প্রথম দিকে এনামুল ও এমরান একপক্ষে ছিলেন, পরে তাঁরাও বিভক্ত হন। তবে তিন পক্ষের সঙ্গেই জেলা সভাপতির যোগাযোগ রয়েছে।
তিন অংশই দলীয় কর্মসূচি পালন করে, তবে আলাদাভাবে। জি কে গউছের ডাকা সভা-সমাবেশে অন্য দুই অংশের নেতা-কর্মীদের দেখা যায় না। জেলা বিএনপির তিন ধারার প্রভাবে যুবদল ও ছাত্রদলও বিভক্ত। জেলা ছাত্রদলের তিন অংশের নেতৃত্বে আছেন যথাক্রমে আহ্বায়ক তাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুশফিক হোসেন ও যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম।
দলীয় সূত্র বলেছে, জেলা বিএনপির সভাপতি সৈয়দ ফয়সল ব্যবসায়িক কাজে ঢাকায় থাকেন। রাজনীতিতে সক্রিয় থাকা গউছ সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় গত বছরের ২৮ ডিসেম্বর থেকে কারাগারে। তাঁর অনুপস্থিতিতে তাঁর অনুসারীরা হতাশ ও অভিভাবকহীন হয়ে পড়েছেন। আট মামলা মাথায় নিয়ে এনামুল এলাকায় আছেন, কর্মসূচিতেও অংশ নেন। তবে গ্রেপ্তার এড়াতে তিনি ও তাঁর সমর্থকেরাও বেশির ভাগ সময় পালিয়ে বেড়ান। কয়েকটি মামলা থাকা যুগ্ম সম্পাদক আমিনুরও গ্রেপ্তার হয়ে কিছুদিন কারাগারে ছিলেন। বলতে গেলে জেলা বিএনপি একপ্রকার অভিভাবকহীন।
আমিনুরের সমর্থক ও জেলা বিএনপির সদস্য দেলোয়ার হোসেন বলেন, বিগত দিনের আন্দোলনে একমাত্র তাঁরাই মাঠে ছিলেন। আর কেউ দলের কর্মসূচির দায়িত্ব নেননি।
সাংগঠনিক সম্পাদক এনামুল হক দলে বিভক্তির কথা স্বীকার করে বলেন, ত্যাগী নেতাদের মূল্যায়ন না করায় তাঁদের এই সংকট। দলের সব কর্মসূচি ও কেন্দ্রের নির্দেশনা তিনি সবাইকে নিয়ে পালন করছেন। জ্যেষ্ঠ নেতারা তাঁকে সহায়তা দিচ্ছেন।
অবশ্য জি কে গউছের সমর্থক ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইসলাম তরফদার বলেন, ‘আমরা মূলধারার রাজনীতি করছি। যাঁরা বিচ্ছিন্নভাবে কর্মসূচি পালন করেন, তাঁরা দলে বিভক্তির রাজনীতি করেন। সাধারণ সম্পাদক কারাগারে থাকায় দলে অনেকটা সংকট চলছে। তবে আমরা জ্যেষ্ঠ নেতাদের পরামর্শেই কাজ করছি।’
বক্তব্য জানতে জেলা বিএনপির সভাপতি সৈয়দ মোহাম্মদ ফয়সলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।