দলের অবস্থান এখনো ‘স্পষ্ট’ না হলেও চট্টগ্রামে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে তিনজনকে নিয়ে আলোচনা চলছে।
নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন দুই বছর ধরে প্রচারণা চালিয়ে আসছেন। বর্তমান মেয়র এম মন্জুর আলম কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।
তবে তফসিল ঘোষণার পর দলের নেতা-কর্মীদের একটি অংশ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানকেও প্রার্থী করতে চেষ্টা চালাচ্ছেন। নেতা-কর্মীরা বলছেন, তিনি চট্টগ্রামে উন্নয়ন নিয়ে সব সময় সোচ্চার। পরিচ্ছন্ন নগর গড়ে তোলার জন্য ‘ওয়াকিং ফর চিটাগাং’ নামে একটি সামাজিক আন্দোলনেও নেতৃত্ব দিচ্ছেন।
মেয়র পদে প্রার্থিতার বিষয়ে হোসেন জিল্লুর রহমানের ভাই ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি মো. মহসিন জিল্লুর করিম প্রথম আলোকে বলেন, ‘দলের একটি অংশ আমার ভাইকে নির্বাচনে চাচ্ছে। কিন্তু তিনি নির্বাচন করতে রাজি নন।’
বিএনপির নেতা-কর্মীদের আলোচনায় সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে হোসেন জিল্লুর রহমানের নাম আসায় গতকাল বিকেলে মুঠোফোনে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি প্রথম আলোকে বলেন, ‘এসব নিয়ে আমার কোনো ভাবনা নেই।’
নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন গতকাল শুক্রবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বিএনপি নির্বাচনে যাবে কি না, সে ব্যাপারে ম্যাডাম (খালেদা জিয়া) চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তবে মেয়র প্রার্থী হিসেবে সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, বর্তমান মেয়র মন্জুর আলম এবং আমার ব্যাপারে আলোচনা হচ্ছে।’
গত ৫ জানুয়ারি নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে ২০-দলীয় জোটের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর শাহাদৎ হোসেনের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, বোমা হামলার পরিকল্পনা, পেট্রলবোমা মেরে মানুষ হত্যাসহ নাশকতার পাঁচটি মামলা হয়। আগে ছিল নয়টি মামলা। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে রয়েছেন।
মেয়র পদে দলের সম্ভাব্য প্রার্থী কারা—এমন প্রশ্নে নগর যুবদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহেদ জানান, আওয়ামী লীগকে মাঠ ছেড়ে দেওয়া উচিত হবে না। দল নির্বাচন করার সিদ্ধান্ত নিলে রাজনৈতিক নেতাকে প্রার্থী করার ব্যাপারে জোরালো দাবি থাকবে। নির্বাচন বর্জনের সিদ্ধান্ত হলে স্বচ্ছ ভাবমূর্তির হোসেন জিল্লুর রহমানকে চায় তৃণমূলের নেতা-কর্মীরা, যাতে আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিতে না পারে।
বর্তমান মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম মন্জুর আলম বলেন, ‘আল্লাহর হুকুম হলে এবং দল চাইলে আমি নির্বাচন করব।’ প্রচার-প্রচারণা শুরু করার জন্য এখন কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন তিনি।