বিএনপিতে বাড়ছে বিভক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর থেকে সিলেটের বিশ্বনাথে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে বিভক্তি বেড়েই চলছে। ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীরের নেতৃত্বে বিএনপিকে ঐক্যবদ্ধ করার চেষ্টাও সফল হয়নি বলে তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে।
তৃণমূল নেতা-কর্মী ও দলীয় সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকা থেকে ইলিয়াস আলী তাঁর গাড়ির চালক আনসার আলীসহ নিখোঁজ হওয়ার পর ‘ইলিয়াস মুক্তি যুব সংগ্রাম পরিষদ’ গঠন নিয়ে বিএনপিতে বিভক্তি শুরু হয়। পরে তাহসিনা রুশদীরের হস্তক্ষেপে বিএনপি আবার ঐক্যবদ্ধ হয়। ২০১৪ সালের ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনের পর দলীয় প্রার্থী সুহেল আহমদ চৌধুরীর পক্ষে কাজ না করার অভিযোগে উপজেলা বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক গৌছ খানের পদ স্থাগিত করে যুগ্ম সম্পাদক লিলু মিয়াকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। তখন থেকে দলে আবার বিভক্তি শুরু হয়।
২০১৪ সালের ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হয় উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীরের উপস্থিতিতে ঘোষিত কমিটিতে স্থান পাননি গৌছ খানপক্ষের অনেক নেতা-কর্মী। একই বছরের ২২ ডিসেম্বর মতিউর রহমানকে আহ্বায়ক করে ঘোষিত উপজেলা ছাত্রদলের কমিটিতেও পদবঞ্চিত করা হয় গৌছ খানের অনুসারীদের।
ছাত্রদলের কমিটি ঘোষণার পর তা বাতিলের দাবিতে ছাত্রদল নেতা শাহ আমির উদ্দিন ও খালেদ মিয়াপক্ষ পৃথকভাবে উপজেলা বিএনপির কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় এবং ইটপাটকেল নিক্ষেপ ও ঝাড়ুমিছিল করে। ২৬ ডিসেম্বর কমিটির কার্যক্রম স্থগিত করা হলেও ৩ জানুয়ারি মতিউর-খালেদপক্ষের সঙ্গে শাহ আমির উদ্দিনপক্ষের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরবর্তী সময়ে উভয় পক্ষ পাল্টাপাল্টি মামলা দায়ের করে। সর্বশেষ ৮ জানুয়ারি শাহ আমির উদ্দিনকে আহ্বায়ক করে ঘোষণা করা হয় উপজেলা ছাত্রদলের ‘বিদ্রোহী’ কমিটি।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া বলেন, বিএনপি একটি বড় দল। এখানে মতপার্থক্য থাকতে পারে। তবে বিরোধ বা গ্রুপিং নেই। ফলে নেতা-কর্মীদের মধ্যে দূরত্ব বাড়ার প্রশ্নই আসে না।
জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আহমেদ নুর উদ্দিন বলেন, বিএনপি ও ছাত্রদলের ঘোষিত নতুন কমিটিগুলোয় দলের ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের মূল্যায়ন করা হয়নি। কিছু ব্যক্তির স্বার্থসিদ্ধির জন্য পকেট কমিটি করা হয়েছে। দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে তৃণমূল নেতা-কর্মীদের নিয়ে উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে।
সিলেট জেলা বিএনপির সদস্য তাহসিনা রুশদীর বলেন, দল করতে হলে সবাইকে শৃঙ্খলা মানতে হবে। যাঁরা তা না মেনে দলের বিরোধিতা করবেন, তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।