বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, বিএনপিতে কোনো বিভেদ নেই। সবাই ঐক্যবদ্ধ আছে।
খালেদা জিয়া গতকাল মঙ্গলবার রাতে তাঁর গুলশানের কার্যালয়ে নোয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জয়ী জাতীয়তাবাদী আইনজীবীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। তিনি এ সময় আওয়ামী লীগ ও সরকারেরও তীব্র সমালোচনা করেন।
বিএনপির চেয়ারপারসন বলেন, ‘বিএনপি আছে, থাকবে। বিএনপি কখনো ভাঙবে না।’ তিনি মন্তব্য করেন, বিএনপি সম্পর্কে পত্রপত্রিকায় যা খুশি তা লেখা হচ্ছে।
খালেদা জিয়া আরও বলেন, ‘দল সচল রাখার জন্য যেকোনো সময় পুনর্গঠন করা যায়। অনেকের বয়স হয়ে গেছে, অসুস্থ হয়ে পড়েছেন, এখন আমরা পুনর্গঠন করছি।’
‘নিরপেক্ষ’ নির্বাচনের দাবি তুলে বিএনপির নেত্রী বলেন, ‘নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা আওয়ামী লীগকে করতেই হবে। সেটাই হবে ইনশা আল্লাহ। ধৈর্য ধরুন। সময় আর বেশি নেই।’
আওয়ামী লীগ জঙ্গি তৈরি করে—এ অভিযোগ করে বিএনপির নেত্রী বলেন, ‘সন্ত্রাস ও জঙ্গিবাদের সঙ্গে আওয়ামী লীগ জড়িত। যখন তাদের অবস্থা খারাপ হয়, তখন বিদেশিদের দেখানোর জন্য বলে, “আমরা জঙ্গি ধরেছি”।’ ছাত্রলীগকে ‘দানব’ অভিহিত করে বিএনপির চেয়ারপারসন বলেন, একদিকে পুলিশ, অন্যদিকে ছাত্রলীগ মিলে বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে।
সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, দলের যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, গণশিক্ষাবিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, নোয়াখালী আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি এ বি এম জাকারিয়া প্রমুখ।