
বরিশালে বিএনপির রাজনীতিতে সর্বেসর্বা মজিবর রহমান সরোয়ার। এখানকার তিনটি সাংগঠনিক জেলা—বরিশাল উত্তর, বরিশাল দক্ষিণ ও মহানগর মহানগর কমিটির সব কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করেন তিনি।
অভিযোগ রয়েছে, বরিশাল মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার বিএনপির সরকারে থাকার সময় দলের স্থানীয় রাজনীতিতে একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। পরে দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হওয়ার পর আরও বেপরোয়া হয়ে ওঠেন।
২০১১ সালে সরোয়ারকে সভাপতি ও কামরুল হাসানকে সাধারণ সম্পাদক করে বরিশাল মহানগর বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়। দুই বছর পর ২০১৩ সালের ২৮ অক্টোবর পূর্ণাঙ্গ কমিটি করা হয়।
এ ছাড়া দক্ষিণ জেলার সভাপতি করা হয় এবায়দুল হককে। আর সাধারণ সম্পাদক হন আবুল কালাম। উত্তরের সভাপতি হলেন সাবেক সাংসদ মেজবাহউদ্দিন ফরহাদ এবং সাধারণ সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। দক্ষিণে পূর্ণাঙ্গ কমিটি না থাকলেও উত্তরে দলের পূর্ণাঙ্গ কমিটি আছে।
দলটির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০০৩ সালে দুই প্রতিদ্বন্দ্বী এবায়দুল হক ও আহসান হাবিবকে দল থেকে বহিষ্কার করার পর এখানকার বিএনপির রাজনীতিতে একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন সরোয়ার। অবশ্য পরে ওই দুজনের বহিষ্কারাদেশ প্রত্যাহার কর হলেও তাঁরা আর সুবিধা করতে পারেননি। যদিও তাঁদের নেতৃত্বে দলে সরোয়ারবিরোধী দুটি ধারা সক্রিয় ছিল।
তবে গত বছর বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের সময় এখানকার বিএনপি ঐক্যবদ্ধভাবে মাঠে নামে। ওই সময় সরোয়ার সাংসদ থাকায় সিটি করপোরেশন নির্বাচন করেননি। তাই আহসান হাবিবকে মেয়র পদে দলীয় মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে সরোয়ার বা এবাদুল হক বিরোধিতা করেননি। তবে এ জন্য দক্ষিণ জেলা বিএনপির সভাপতির পদ ছেড়ে দেওয়ার অঙ্গীকার করতে হয় আহসান হাবিবকে। মেয়র নির্বাচিত হওয়ার আগেই তিনি দক্ষিণ জেলার সভাপতির পদ ছেড়ে দেন এবং এবায়দুল হককে এ পদে দায়িত্ব দেওয়া হয়। আর এ কমিটির সাধারণ সম্পাদক ছিলেন আহসান হাবিবের অনুসারী বিলকিস জাহান। তাঁকে সরিয়ে সরোয়ারের অনুসারী আবুল কালামকে সাধারণ সম্পাদক করা হয়।
এ ছাড়া মহানগর কমিটির সাধারণ সম্পাদক কামরুল হাসান, উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাহউদ্দিন, সাধারণ সম্পাদক আকন কুদ্দুসুর রহমান আগে থেকে সরোয়ারের অনুসারী ছিলেন। পরে এবায়দুল হকও সরোয়ারের সঙ্গে সমঝোতা করতে বাধ্য হন।
এ ব্যাপারে জানতে চাইলে মজিবর রহমান সরোয়ার প্রথম আলোকে বলেন, ‘এখানে কে আমার না? আহসান হাবিব সাহেবদের সঙ্গে যেখানে গ্রুপিং ছিল, সেখানে তাঁরাই এখন আমার। এরপর আর নিয়ন্ত্রণের কথা থাকতে পারে না। ঐক্য না হলে কামালের পক্ষে মেয়র হওয়া সম্ভব ছিল না।’
কমিটি গঠনে হস্তক্ষেপ: সরোয়ার মহানগরের বাইরে উপজেলা, থানা, ইউনিয়ন এমনকি ওয়ার্ড কমিটি গঠনেও হস্তক্ষেপ করেন বলে অভিযোগ রয়েছে।
জেলা বিএনপির একজন দায়িত্বশীল নেতা জানান, মহানগরের সভাপতি হয়ে সরোয়ার সদর উপজেলার চরবাড়িয়া, কড়াপুর, চন্দ্রমোহন, চুঙ্গিবাড়িয়া, শায়েস্তাবাদ ইউনিয়নের ওয়ার্ড কমিটি গঠন করেছেন। তিনি ১০ অক্টোবর শনিবার বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি ঘোষণা করার পর সেখানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। তখন সরোয়ার সেখান থেকে চলে আসেন। কিন্তু কমিটি গঠনের ওই সভায় জেলা বা থানা কমিটিকে পর্যন্ত অবহিত করা হয়নি।
অবশ্য মজিবর রহমান সরোয়ার দাবি করেন, তিনি শায়েস্তাবাদে কমিটি গঠনপ্রক্রিয়া দেখতে গিয়েছিলেন। সেখানে সবার মতামতের ভিত্তিতে কমিটি গঠন করা হয়েছে।