বিএনপিপন্থীদের বিভক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগামী ৫ জুন সিন্ডিকেট, শিক্ষা পর্ষদ ও অর্থ কমিটিতে ১৩ জন শিক্ষক প্রতিনিধি নির্বাচনে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সঙ্গে জোট গঠন নিয়ে বিভক্ত হয়ে পড়েছেন বিএনপিপন্থী শিক্ষকেরা। জোটের বিরোধিতা করে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের একাংশ প্রচারপত্র বিতরণ করেছে।

গত বৃহস্পতিবার ছিল নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ওই দিন আওয়ামী লীগপন্থী শিক্ষকদের একটি অংশ ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সমন্বয়ে সম্মিলিত শিক্ষক প্যানেল নামে জোট ঘোষণা করা হয়। দলীয় সিদ্ধান্তের বাইরে এই সম্মিলিত প্যানেল ঘোষণা করা হয়েছে মর্মে অভিযোগ এনে ওই দিন রাতেই প্রচারপত্র বিতরণ করে বিএনপিপন্থী শিক্ষকদের একটি অংশ।

জানতে চাইলে দর্শন বিভাগের বিএনপিপন্থী শিক্ষক মো. কামরুল আহসান বলেন, আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সঙ্গে নির্বাচনী জোট গঠন কোনো দলীয় সিদ্ধান্ত নয়। অগণতান্ত্রিকভাবে সংখ্যাগরিষ্ঠের মতামত উপেক্ষা করে এই জোট গঠন করা হয়েছে।

জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আহ্বায়ক সৈয়দ মোহাম্মদ কামরুল আহছান বলেন, সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্ত অনুযায়ী এই জোট গঠন করা হয়েছে। এতে বিএনপির সাতজন প্রার্থী রয়েছেন। জোটের বিরোধিতা করে প্রচারপত্র বিতরণ দল ভাঙার প্রশাসনিক ষড়যন্ত্র।

প্রচারপত্রে বলা হয়েছে, আসন্ন নির্বাচনের প্রস্তুতি গ্রহণ, কৌশল নির্ধারণ ও প্রার্থিতা চূড়ান্ত করতে গত বুধবার জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সভা হয়। ওই সভায় প্রার্থিতা চূড়ান্ত করা হয়। সভায় কয়েকজন শিক্ষক আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচনের প্রস্তাব দেন। কিন্তু সভায় উপস্থিত সংখ্যাগরিষ্ঠ শিক্ষক এই প্রস্তাবের বিরোধিতা করে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের ব্যানারে এককভাবে নির্বাচনের পক্ষে মত দেন। কিন্তু আজ (বৃহস্পতিবার) সকালে লক্ষ করা যায়, ফোরামের কয়েকজন সদস্য সংখ্যাগরিষ্ঠের মতামতকে উপেক্ষা করে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সঙ্গে জোট গঠন করে নির্বাচনের উদ্যোগ নিয়েছেন।

অর্থনীতি বিভাগের বিএনপিপন্থী শিক্ষক মো. নুরুল হক বলেন, ‘এ সিদ্ধান্তের বিরোধিতা করে আমি সিন্ডিকেটের সহকারী অধ্যাপক প্রতিনিধি নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছি।’