বিএনপির অবস্থান কর্মসূচি পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঠাকুরগাঁও ও দিনাজপুর গতকাল বৃহস্পতিবার বিএনপির অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। তবে রাজশাহীতে পুলিশের বাধার মুখে বিএনপির একাংশের কর্মসূচি পণ্ড হয়ে গেছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কোর্ট শহীদ মিনারের সামনে কর্মসূচির আয়োজন করে জেলা বিএনপি। সকাল ১০টার দিকে শহীদ মিনারের সামনে দলীয় নেতা-কর্মীরা অবস্থান নেন। পরে রাজশাহী বিভাগের সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, জেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মতিউর রহমানসহ অন্য নেতারা শহীদ মিনার চত্বরে প্রবেশ করতে গেলে পুলিশ বাধা দেয়। নেতারা ফটকের সামনেই কিছুক্ষণ বিক্ষোভ করেন। পরে তাঁরা কোট চত্বর এলাকায় মিছিল বের করেন। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
জেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, কোর্ট শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি করার জন্য পুলিশের কাছে আবেদন করা হয়েছিল। কিন্তু বিনা কারণে পুলিশ বাধা দিয়ে তাঁদের কর্মসূচি পণ্ড করে দেয়।
নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, শহীদ মিনার চত্বরে অবস্থান কর্মসূচি পালনের অনুমতি না নেওয়ায় বাধা দেওয়া হয়েছে। পরে মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে মারার চেষ্টা করলে পুলিশ ধাওয়া দেয়। এ সময় স্বপন খান নামের একজনকে আটক করা হয়েছে। তাঁর বাড়ি শাহ মখদুম এলাকায়।
এদিকে নগরের মালোপাড়া এলাকায় দলীয় কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করেছে মহানগর বিএনপির একাংশ। সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান, মহানগরের সাধারণ সম্পাদক শফিকুল হক প্রমুখ। তবে নগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন উপস্থিত ছিলেন না।
বগুড়া শহরের নওয়াবাড়ি সড়কের জেলা বিএনপির কার্যালয়ের সামনে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, উপদেষ্টা শোকরানা, সাবেক সাংসদ মোস্তফা আলী প্রমুখ বক্তব্য দেন।
ঠাকুরগাঁও শহরের শহীদ মোহাম্মদ আলী সড়কে জেলা বিএনপির কার্যালয়ের সামনে দুই ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর রহমানের সভাপতিত্বে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওবায়দুল্লাহ মাসুদ, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হামিদ, জেলা যুবদলের সভাপতি মাহেবুল্লাহ আবু নুর প্রমুখ বক্তব্য দেন।
দিনাজপুর ইনস্টিটিউট মাঠে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মসূচি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সভাপতি মো. লুৎফর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মোফাজ্জল হোসেন, কমিটির সদস্য মুক্তিযোদ্ধা মো. মকসেদ আলী, পৌর বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা প্রমুখ। তবে পুলিশি বাধার কারণে এ কর্মসূচিতে মাইক ব্যবহার করা যায়নি বলে বিএনপি নেতারা অভিযোগ করেছেন।
{প্রতিবেদন তৈরিতে সহযোগিতা দিয়েছেন সংশ্লিষ্ট এলাকায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিরা}