নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নিয়ে বিএনপির অভিযোগ উদ্ভট ও বানোয়াট বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, নারায়ণগঞ্জ সিটি নির্বাচন প্রমাণ করে, নির্বাচন কমিশন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম।
গতকাল শুক্রবার রাজধানীর বনানী কবরস্থানে প্রয়াত আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাকের মৃত্যুবার্ষিকীতে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘এই বিজয় শেখ হাসিনার উন্নয়নের বিজয়, অর্জনের বিজয় এবং সেলিনা হায়াৎ আইভীর জনপ্রিয়তার বিজয়। নারায়ণগঞ্জে যে নির্বাচন হলো, এটা একটা মডেল নির্বাচন। এই নির্বাচনের পথ ধরে আগামী নির্বাচনও আমরা এভাবে করতে চাই।’
এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, শ্রম ও জনশক্তি সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে দেওয়া বিএনপির বক্তব্যকে উদ্ভ্রান্তের প্রলাপ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, সকালে বিএনপি বলেছে নির্বাচন সুষ্ঠু হচ্ছে। দুপুরেও তারা বলেছে নির্বাচন সুষ্ঠু হচ্ছে। বিকেলে অবস্থান পাল্টে বলে যে ফলাফল দেখে বোঝা যাবে। আর ফলাফল প্রকাশের বিএনপি বলছে নির্বাচনে সূক্ষ্ম কারচুপি হয়েছে। গতকাল শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।