বিএনপির অস্তিত্ব টিকে থাকা নিয়ে সন্দেহ প্রধানমন্ত্রীর
অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কারণে বিএনপির শীর্ষ নেতৃত্বের সাজা হওয়ায় রাজনৈতিক দল হিসেবে ভবিষ্যতে দলটির অস্তিত্ব টিকে থাকার বিষয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্থানীয় সময় রোববার লন্ডনের কুইন এলিজাবেথ সেন্টারে যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক নাগরিক সংবর্ধনায় ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী এ প্রশ্ন তোলেন। লন্ডনে প্রধানমন্ত্রী তাঁর বর্তমান বাসস্থান থেকে এই নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি অংশ নেন।
শেখ হাসিনা প্রশ্ন করেন, অস্ত্র চোরাচালান, ২১ আগস্ট গ্রেনেড হামলা, এতিমদের অর্থ আত্মসাৎ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামির নেতৃত্বে একটি রাজনৈতিক দল টিকে থাকবে কীভাবে?
প্রধানমন্ত্রী বলেন, বিএনপির শীর্ষ নেতৃত্ব অস্ত্র চোরাচালান ও দুর্নীতির পাশাপাশি হত্যা মামলায়ও সাজাপ্রাপ্ত হয়েছে।
শেখ হাসিনা বলেন, খালেদা জিয়ার ছেলেদের করা দুর্নীতি আমেরিকার এফবিআইয়ের করা তদন্তেও উঠে এসেছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা (সরকার) বিদেশ থেকে তাদের পাচারকৃত কিছু অর্থ দেশে ফেরত আনতে সক্ষম হয়েছি।’