বিএনপির আগামী নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করা উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ২০১৪ সালের নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর আহ্বানে সংলাপে না এসে বিএনপি ভুল করেছে। তাই বিএনপির উচিত হবে আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করা। এর জন্য এখন আর সংলাপের প্রয়োজন নেই।
গতকাল শনিবার বিতার্কিকদের সংগঠন ‘ডিবেট ফর ডেমোক্রেসি’র আয়োজনে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পাবলিক পার্লামেন্টে ‘জাতীয় নির্বাচনের পূর্বে রাজনৈতিক সংলাপ অপরিহার্য’ শীর্ষক ছায়া বিতর্কে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, অতীতে অনেকবার সংলাপ হয়েছিল কিন্তু তাতে কোনো ফল হয়নি। ২০১৪ সালের নির্বাচনের পূর্বে তৎকালীন বিরোধী-দলীয় নেতা সংলাপের আহ্বান জানিয়ে আন্দোলনের হুমকি দিয়েছিলেন। প্রধানমন্ত্রী পরের দিনই টেলিফোন করে সংলাপের আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীসহ পাঁচটি মন্ত্রণালয়ের দায়িত্বও দিতে চেয়েছিলেন। কিন্তু তৎকালীন বিরোধীদলীয় নেতা আসেননি।
তোফায়েল আহমেদ বলেন, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচন টেকেনি। কিন্তু ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন দেশে-বিদেশে টিকেছে। আগামী নির্বাচনে বিএনপি এলে নির্বাচন অংশগ্রহণমূলক ও সুন্দর হবে। তবে এ সরকারের অধীনেই নির্বাচন হবে। বিএনপিকে সভা-সমাবেশ করতে দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি ঠিকভাবেই সভা-সমিতি করতে পারছে। কিন্তু তারা ঘরের বাইরে আসছে না। আন্দোলন করতে হলে ঘরের বাইরে আসতে হবে এবং ঝুঁকি নিতে হবে।
ছায়া বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দল বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি বিরোধী দল শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে হারিয়ে জয়লাভ করে।