
‘বিএনপির আত্মানুসন্ধান প্রয়োজন’ বলে মন্তব্য করেছেন দলটির প্রতিষ্ঠাতা মহাসচিব অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। জিয়াউর রহমানের কাজ, নীতি ও জীবনাদর্শ থেকে বিএনপির বিস্মৃত হওয়ার বিষয়টি উল্লেখ তিনি বলেন, বছরে দুদিনের জন্য তাঁকে স্মরণ করা মহা ভুল, অন্যায় এবং আত্মহত্যার শামিল।
গতকাল বৃহস্পতিবার বিকেলে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকীর আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে বি. চৌধুরী এ মন্তব্য করেন।
জিয়াউর রহমানকে ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে বি. চৌধুরী বলেন, ‘আপনারা জিয়াকে স্মরণ করেন, আর না-ই করেন, তাতে তাঁর ক্ষতি হবে না। এতে ক্ষতি হয়ে গেল আপনাদের, বাংলাদেশের, আমাদের সবার।’ তিনি বলেন, যাঁরা জিয়াউর রহমানের দল ও রাজনৈতিক উত্তরাধিকার দাবি করেন, কোথায় তাঁর সেই জাতীয়তাবাদের প্রচার, কোথায় গ্রামে গ্রামে হ্যামিলিনের সেই বংশীবাদক, কোথায় সেই দুর্নীতিমুক্ত-সন্ত্রাসমুক্ত বাংলাদেশ।
বিএনপি এ আলোচনা সভার আয়োজন করে। এতে প্রায় ৫৫ মিনিট বক্তব্য দেন জিয়াউর রহমানের সহকর্মী বি. চৌধুরী। তিনি রাজনীতিতে জিয়ার দূরদর্শিতা, প্রত্যুৎপন্নমতিত্ব, সহকর্মীদের প্রতি আস্থা ও বিশ্বাস এবং তাঁর সততা, দেশপ্রেম, জনসম্পৃক্ত কর্মকাণ্ডের স্মৃতিচারণা করেন। এ সময় দর্শক সারিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া উপস্থিত ছিলেন। তিনি বক্তব্য দেননি।
বি. চৌধুরী বলেন, ‘নতুন প্রজন্মের কাছে জিয়াকে পরিচিত করার দায়িত্ব কার ছিল? আজকের শিশু-যুবকেরা কেন জিয়াকে চেনে না? এ অপরাধ কার? জিয়ার কারণে তো আমরা ক্ষমতায় ছিলাম। তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন।’ তিনি বলেন, জিয়া ভালো লোকের অনুসন্ধানে দেশ চষে বেড়িয়েছেন। বেস্ট কেবিনেট গঠন করেছিলেন। তাঁর সময় একটি লোকের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ ছিল না।
অভিশংসনের মাধ্যমে সরিয়ে দেওয়া সাবেক এই রাষ্ট্রপতি বিএনপিকে উদ্দেশ করে বলেন, ‘ভুলভ্রান্তি মানুষের হতে পারে। আমি ভুল করলে দুঃখ প্রকাশ করব। কিন্তু আপনারা ভুল করে থাকলে ইতিহাস আপনাদের ক্ষমা করবে না।’ তিনি বলেন, দেশভর্তি দুর্নীতি-সন্ত্রাস—এটা নিয়ে রাজনীতি করবেন? দেশের ভাগ্য পরিবর্তন করতে চান? আগে নিজে পরিবর্তন হোন। এর জন্য নিজেদের একেকটা জিয়াউর রহমান হতে হবে। যদি হতে পারেন, তবেই মুক্তি।
‘খালেদা জিয়াকে এত তেল দিয়েন না’—এমন উক্তি করে গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেন, খালেদা জিয়াকে সামনে পেলেই অনেকে অনেক রকমের বক্তব্য দিয়ে মুগ্ধ করতে চান। এসব প্রবণতা বাদ দিয়ে যথাসময়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। তিনি বিগত আন্দোলনে ছাত্রদলের ভূমিকার সমালোচনা করে বলেন, ঈদের পর সব জেলায় ছাত্রদলের নির্বাচিত কমিটি হতে হবে। খালেদা জিয়ার হাসির (তুষ্ট করা) কমিটি নয়, নির্বাচিত কমিটি হতে হবে।
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, আ স ম হান্নান শাহ, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, সাবেক উপাচার্য মোস্তাহিদুর রহমান, সাংবাদিক শওকত মাহমুদ প্রমুখ।