সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি ৫৯৫ জনের কমিটি নিয়ে ঘরে বসে ভাঙা রেকর্ড বাজায়। আর সংবাদ সম্মেলনে বলে আমাদের আন্দোলন এ বছর না, সে বছর। আসলে বিএনপি আন্দোলন করবে কোন বছর তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না।’
ঢাকার দোহার উপজেলার জয়পাড়া পাইলট উচ্চবিদ্যালয় মাঠে গতকাল শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়নবিষয়ক উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের গণসংবর্ধনা উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, কেরানীগঞ্জ থেকে নবাবগঞ্জ হয়ে মাওয়া পর্যন্ত ৪৫০ কোটি টাকায় ৭২ কিলোমিটার সড়কের দুই লেন উন্নীতকরণের বিল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) পাস হয়েছে। সড়কটিকে শিগগিরই চার লেনে রূপান্তরের প্রস্তাব হাতে নেওয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে একটি মহল এখনো দেশে অরাজকতা চালাতে তৎপর রয়েছে।