বিএনপির আন্দোলন মাঠ থেকে ঘরে চলে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দেশ করে বলেছেন, তাদের আন্দোলন মাঠ থেকে ঘরে চলে গেছে। গণ-আন্দোলনের জন্য গণ-অসন্তোষ দরকার। কিন্তু মানুষের মধ্যে আজ কোনো অসন্তোষ নেই। তাই তাদের গণ-আন্দোলন হচ্ছে না।
গতকাল বৃহস্পতিবার রাজশাহীর মোহনপুর সরকারি উচ্চবিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক শোকসভায় মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘এবার রোজার ঈদের পর আন্দোলন হয়নি। মরা গাঙে জোয়ার এল না। কোরবািনর ঈদের পরও জোয়ার আসবে না। আন্দোলনও হবে না।’
এলাকার বিভিন্ন দাবিদাওয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আমি কথা বলব কম, কাজ করব বেশি। ভাষণ দেব কম, অ্যাকশন করব বেশি। আমি যে কথা দেব, সেই কথা রাখব। অতীতের অনেক মন্ত্রী কথা দিয়েছেন, কিন্তু তাঁরা কথা রাখেননি।’ তিনি বলেন ‘প্রধানমন্ত্রী হলেন চাঁদ। চাঁদের সামনে মোমের আলো কেউ দেখবে না। তাই প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো জনসভায় যাই না। আমার কাজ রাজপথে। আমি রাজপথে থাকতেই পছন্দ করি।’
মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস সালামের সভাপতিত্বে শোকসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, সাংসদ আয়েন উদ্দিন, আখতার জাহান প্রমুখ।
এর আগে কেশরহাট পৌরসভার তিনজন মহিলা কাউন্সিলর মন্ত্রীর হাতে ফুল দিয়ে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেন।