বিএনপির আন্দোলন ও নির্বাচন প্রস্তুতি একসঙ্গে: মওদুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, বিএনপি নির্বাচন ও আন্দোলন—উভয় প্রস্তুতি একসঙ্গে চালাবে। তিনি বলেন, বিএনপি সংলাপ ও সমঝোতার মাধ্যমে বিদ্যমান সংকটের নিরসন চায়। সরকার যদি এগিয়ে না আসে, তখন আন্দোলন করা ছাড়া কোনো বিকল্প থাকবে না।
আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে মশিউর রহমান যাদু মিয়ার ৩৮তম মৃত্যুবার্ষিকীর এক আলোচনা সভায় মওদুদ আহমদ এ কথা বলেন। মশিউর রহমান যাদু মিয়া জাতীয় স্মৃতি কমিটি এর আয়োজন করে।
প্রধানমন্ত্রীর দুটি জনসভার কথা উল্লেখ করে মওদুদ আহমদ বলেন, তিনি বগুড়া, লক্ষ্মীপুরে জনসভা করেছেন। আগামী নির্বাচনের জন্য নৌকা প্রতীকে ভোটও চাচ্ছেন। তাতে কোনো আপত্তি নেই। কিন্তু বিএনপিসহ সব রাজনৈতিক দলের জন্যও একই রকম সুযোগ-সুবিধা দিতে হবে। বিএনপি কোনো সভা-সমাবেশ করতে পারে না, অনুমতি দেওয়া হয় না।
মওদুদ আহমদ বলেন, চীন থেকে কেনা দুটি সাবমেরিন উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বলেছেন, ‘আক্রান্ত হলে সমুচিত জবাব দেব। আমাদের জিজ্ঞাসা, কার বিরুদ্ধে তিনি এ কথা বলছেন। ভারত এখন আমাদের সবচেয়ে বন্ধুপ্রতিম দেশ, আপনিও সেটা দাবি করেন। আমাদের কেউ আক্রমণ করলে সেটা তারাই করবে। তাহলে কাকে অ্যাড্রেস করে আপনি এ বক্তব্য রেখেছেন, জাতির কাছে তার ব্যাখ্যা দেওয়া উচিত।’
আলোচনা সভায় আরও বক্তব্য দেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, শামসুজ্জামান দুদু, জাতীয় পার্টির (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার প্রমুখ।