বিএনপির আন্দোলন ভুলের চোরাবালিতে আটকে গেছে
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলন ভুলের চোরাবালিতে আটকে গেছে। বিএনপি একবার বলে ঈদুল ফিতরের পর, আবার বলে কোরবানির ঈদের পর আন্দোলন। এসব দেখতে দেখতে কেটে গেল পাঁচ বছর। আন্দোলন হবে কোন বছর। আসলে তাদের আন্দোলন আর সফল হবে না।
আজ শনিবার বিকেলে নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজ মাঠে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হককে দেওয়া গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, ‘আওয়ামী লীগ একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল। আজকের গণসংবর্ধনা জনসমুদ্রে পরিণত হওয়া তারই প্রমাণ।’ সমাবেশে ওবায়দুল কাদের দলের সর্বস্তরের নেতা-কর্মীদের এখন থেকেই আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতেও আহ্বান জানান।
জেলা আওয়ামী লীগ আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনাম সেলিম চৌধুরী। অনুষ্ঠানে সংবর্ধিত মেয়র আনিসুল হক ছাড়াও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ মোহাম্মদ একরামুল করিম চৌধুরীসহ অন্যান্য নেতারা।
নিজ জন্মস্থানে সংবর্ধনা পাওয়ায় মেয়র আনিসুল হক জেলা আওয়ামী লীগসহ স্থানীয়দের প্রতি কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি বলেন, ‘রাজনীতির মঞ্চে এসে এই প্রথম বিশাল জনসমুদ্রের সামনে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি। প্রধানমন্ত্রীর নির্দেশে মেয়র নির্বাচন করে এ সম্মানে অধিষ্ঠিত হয়েছি। নিজের সর্বস্ব দিয়ে সাধারণ মানুষের দেওয়া সম্মান অক্ষুণ্ন রাখব। ঢাকাকে বাসযোগ্য তথা পরিবর্তন করতে আমি সচেষ্ট থাকব।’