বিএনপির আন্দোলন সর্বহারাদের মতো: আমু

বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের আন্দোলন কর্মসূচিকে স্বাধীনতা-পরবর্তী সর্বহারাদের লুণ্ঠন-হত্যার সঙ্গে তুলনা করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেছেন, ‘১৯৭২ সালে সর্বহারারা রাজত্ব কায়েমের নামে রাতের অন্ধকারে ব্যাংক ডাকাতি ও বাড়ি লুট করত। মানুষ হত্যা করত। আমাদের পাঁচজন এমপিকে হত্যা করে। অথচ রাস্তাঘাটে কোনো আন্দোলন ছিল না। রাজনৈতিক কর্মসূচি ছিল না।’
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ বুধবার গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং পণ্যের মেলা গ্যাপেক্সপো-২০১৫ উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
আমির হোসেন আমু বলেন, ‘যদি বুঝতাম আন্দোলনে জনগণের সম্পৃক্ততা আছে, এমনকি তাঁদের দলের নেতা-কর্মীদের সম্পৃক্ততা রয়েছে, তা-ও তো নাই। আজকে যাঁরা আন্দোলন করতে চান বা করছেন, তাঁদের কর্মকাণ্ড সর্বহারাদের মতো দাঁড়াইছে। রাতের অন্ধকারে বাড়ি ও ব্যাংক ডাকাতির মতো হঠাৎ করে গাড়ি পুড়িয়ে দিচ্ছে তারা। এটা তো কোনো আন্দোলন হতে পারে না।’ তিনি বলেন, ‘যদি দেখতাম তাদের নেতাদের নেতৃত্বে ৫ হাজার লোকের, ৫০০ লোকের, ১০ জনের লোকের একটা মিছিল হচ্ছে। তাহলে বুঝতাম এটা আন্দোলন। কিন্তু কোথায় আন্দোলন?’
শিল্পমন্ত্রী বলেন, ‘এই আন্দোলনের মাধ্যমে কী শিক্ষা পাচ্ছি? আপনারা যদি চান, উৎসাহিত করেন, তবে আগামীতে আমরাও তো ইলেকশন না করে বলতে পারি, এই ইলেকশন মানি না।’ বিএনপি জোটের আন্দোলনকে অগণতান্ত্রিক, অযৌক্তিক ও অসাংবিধানিক উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘যদি এটিকে সমর্থন দেন তাহলে এই দেশে চিরদিন অন্যায় প্রাধান্য পাবে।’
চার দিনব্যাপী গ্যাপেক্সপোর পাশাপাশি ১৪তম ‘গার্মেন্টেক’ ও ষষ্ঠ ‘ইয়ার্ন অ্যান্ড ফেব্রিকস সোর্সিং ফেয়ার’ শীর্ষক প্রদর্শনী শুরু হয়েছে। এই তিন মেলায় দেশি-বিদেশি ৩০০টি প্রতিষ্ঠানের ৬৩২টি স্টল থাকবে। বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ), জাকারিয়া ট্রেড অ্যান্ড ফেয়ার ইন্টারন্যাশনাল ও এএসকে ট্রেড অ্যান্ড এক্সজিবিশন যৌথভাবে মেলাটি আয়োজন করছে।
মেলায় ভারত, চীন, তাইওয়ান, অস্ট্রেলিয়া, জার্মানি, সংযুক্ত আরব আমিরাতসহ ৩০টি দেশের প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্রতিষ্ঠানগুলো তৈরি পোশাকের সহায়ক পণ্য ও মোড়কীকরণের যন্ত্রপাতি, কাঁচামাল ও উৎপাদিত বিভিন্ন পণ্য প্রদর্শন করবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পাট ও বস্ত্রমন্ত্রী এমাজ উদ্দিন প্রামাণিক, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, বিজিএমইএর সহসভাপতি শহিদউল্লাহ আজিম প্রমুখ।