বিএনপির আন্দোলনের মুরদ নেই: ওবায়দুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির আন্দোলনের মুরদ নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উপজেলায় রূপসদী বৃন্দাবন উচ্চবিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বিএনপি প্রতিবারই নির্বাচনের আগে হেরে যায়। নির্বাচনই হলো না; বিএনপি শুরু করে দিয়েছে নির্বাচনে কারচুপি হলে দেশব্যাপী আন্দোলন শুরু করবে। বিএনপির আন্দোলনের মুরদ নাই। পৌর নির্বাচনে হেরে গেলে এই সরকারের ওপর আকাশ ভেঙে পড়বে না। পৌর নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।

ওবায়দুল কাদের আরও বলেন, ‘এই সরকারের আমলে যে নির্বাচন হয়েছে ঢাকা ও চট্টগ্রাম বাদে সবকটি সিটি করপোরেশনে আমার হেরেছি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আজকে তৃণমূলে এই প্রথম দলীয় ব্যানারে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করবে না। আর বিএনপি আগেও বলেছে, এখনো বলছে, ৩০ ডিসেম্বর নির্বাচনে কারচুপি হলে বিএনপি আন্দোলন করবে।’

শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘ফাঁস হওয়া প্রশ্নপত্র দিয়ে পরীক্ষায় ১০০ নম্বর পেলে কী লাভ হবে যদি মানসম্মত শিক্ষা না হয়? এই ঠকানোর শিক্ষায় তোমরা নিজেদের সম্পৃক্ত করো না। মানহীন শিক্ষা আমাদের জাতিকে ধ্বংস করে দেবে। এই ধরনের শিক্ষা আমাদের ঘাতকের মতো ধ্বংস করবে।’ পরীক্ষায় নকল না করে লেখাপড়া করে পরীক্ষা দেওয়ার আহ্বান জানান তিনি।

বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এ কে এম ডি আহসান আলী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।