বিএনপির আমলে নৌ-দুর্ঘটনা বেশি ছিল: নৌ-পরিবহনমন্ত্রী
বিএনপি সরকারের আমলে নৌ-দুর্ঘটনা ও এসব দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বেশি ছিল। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের আমলে দেশে নৌ-দুর্ঘটনা ঘটেছে ১৪৮টি।
আজ বুধবার সকাল ১০টায় ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনাল এলাকায় ঢাকা চাঁদপুর-ইচলি নৌপথে এমভি মিতালী-৪ লঞ্চের উদ্বোধনকালে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান এসব তথ্য দেন।
নৌ-পরিবহনমন্ত্রীর তথ্যমতে, ওই সময়ের মধ্যে ২০০৩ সালে মারা গেছে ৪৬৪ জন। অথচ ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর পাঁচ বছরে নৌ-দুর্ঘটনা কমে ৫৯ জনে নেমে এসেছে। আওয়ামী লীগ সরকারের আমলে ২০০৯ সালে সর্বোচ্চ ২৬০ জন মানুষের প্রাণহানি ঘটেছে।
মন্ত্রী বলেন, এসব দুর্ঘটনার কারণ হচ্ছে খালেদা জিয়ার দুই ছেলে তারেক ও কোকোর কাছে জিম্মি ছিলেন তত্কালীন নৌ-পরিবহনমন্ত্রী। তাঁরা তত্কালীন নৌ-পরিবহনমন্ত্রীকে জিম্মি করে কোকো-৪ লঞ্চের নকশা পরিবর্তন করে বেআইনিভাবে লঞ্চটির রুট পারমিট নিয়েছেন। লঞ্চটি নৌপথে চারবার দুর্ঘটনার কবলে পড়ে।
শাজাহান খান বলেন, ‘আমরা সরকারিভাবে বিআইডব্লিউটিসির মাধ্যমে এমভি বাঙালি লঞ্চটি নামিয়েছি, যা এই ঈদে যাত্রীসেবা দেবে। আগামী কোরবানির ঈদে আমরা মধুমতি নামে আরও একটি লঞ্চ নামাব।’
যাত্রীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আপনারা অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চে উঠবেন না।’ চলতি পথে ঝড় তুফানে লঞ্চ নিরাপদ স্থানে রেখে যাত্রাবিরতি দিতে মালিকদের প্রতি তিনি আহ্বান জানান।
মিতালী-৪ লঞ্চের পরিচালক সাদিয়া চৌধুরী সাংবাদিকদের জানান, এ লঞ্চে ডাবল কেবিন ২৫টি, সিঙ্গেল কেবিন ২৮টি ও ভিআইপি কেবিন দুটি। এ লঞ্চের যাত্রী ধারণক্ষমতা ৪৫০ জন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর সদস্য (পরিকল্পনা ও পরিচালন) ভোলানাথ দে, নৌনিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক সাইফুল হক খান, বেঙ্গল শিপিং কোম্পানির স্বত্বাধিকারী আবুল হোসেন প্রমুখ।