বিদায়ের আগে নির্বাচন কমিশন দেশবাসীকে ভালো একটি নির্বাচন উপহার দেবে বলে আশা করছে বিএনপি। গতকাল মঙ্গলবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে এই আশা ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
নজরুল ইসলাম খান বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন এই কমিশনের অধীনে শেষ নির্বাচন। বিএনপি আশা করে, নির্বাচন সুষ্ঠু করতে কমিশন যথাযথ দায়িত্ব ও ভূমিকা পালন করবে। আগের নির্বাচনগুলোতে তারা যথাযথ দায়িত্ব পালন করেনি। সরকার বা সরকারি দলের লোকেরা ভোট চুরি করেছে এবং কমিশন বেশির ভাগ ক্ষেত্রে দর্শকের ভূমিকা পালন করেছে।
বিএনপির এই নেতা বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচনী প্রচারকাজে বিএনপিকে তেমন বাধার সম্মুখীন হতে হয়নি। কিন্তু নারায়ণগঞ্জ এমন একটা জায়গা, যেখানে যেকোনো সময় পরিস্থিতির অবনতি হতে পারে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সেটা নিশ্চিত করতে সেনাবাহিনী মোতায়েনের দাবি করেছি। সিইসি বলেছেন, ২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। অন্য যেকোনো বারের চেয়ে বেশি পরিমাণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। তারপরও যদি পরিস্থিতির অবনতি হয়, কমিশন পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেবে।’
সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, খালেদা জিয়ার অংশগ্রহণ ঠেকাতেই ভোটের ৭২ ঘণ্টা আগে নির্বাচনী প্রচারণায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তিনি বলেন, ‘৭২ ঘণ্টা আগে প্রচারণা বন্ধ করা আমরা আগে দেখিনি। আমরা দেখেছি ৪৮ বা ২৪ ঘণ্টা আগে।’