বিএনপির আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়ন শাখা বিএনপির আহ্বায়ক কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে সাবেক কমিটি। গতকাল সোমবার ওই পক্ষ বিক্ষোভ সমাবেশ করে এ ঘোষণা দেয়। এ নিয়ে চুন্টায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্র জানায়, ২০১২ সালে সম্মেলন করে হাবিবুর রহমান মাস্টারকে সভাপতি ও আবদুর রহিমকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের চুন্টা ইউনিয়ন শাখা বিএনপির কমিটি গঠন করা হয়। ৬ ফেব্রুয়ারি ওই কমিটি বাতিল করে উপজেলা বিএনপির নেতারা শরিফ উল্লাহকে আহ্বায়ক ও জয়নাল আবেদীনকে সদস্যসচিব করে ১৪ সদস্যের কমিটি ঘোষণা করেন।
উপজেলা বিএনপির ওই কমিটি প্রত্যাখ্যান করেন সাবেক কমিটির নেতারা। গতকাল বিকেলে সাবেক কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি তারু মিয়ার সভাপতিত্বে চুন্টা বাজারে প্রতিবাদ সভা হয়। চুন্টা ইউনিয়ন শাখা ছাত্রদলের সাবেক সভাপতি বিধান চন্দ্র দেবের পরিচালনায় সভায় বক্তব্য দেন বিএনপি নেতা হাবিবুর রহমান, আবদুর রহিম, উপজেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক আলম সূফি, ইউনিয়ন শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি রাহিম মিয়া প্রমুখ। তাঁরা শরিফ উল্লাহ ও জয়নাল আবেদীনের নেতৃত্বাধীন আহ্বায়ক কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে তা প্রত্যাখ্যান করেন। তাঁরা আগামী ১৫ দিনের মধ্যে এ কমিটি বাতিল করে নতুন আহ্বায়ক কমিটি গঠনের দাবি জানান।
হাবিবুর রহমান ও আবদুর রহিম প্রথম আলোকে বলেন, ‘জয়নাল আবেদীন কখনোই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। উপজেলা বিএনপি আমাদের সঙ্গে কোনো পরামর্শ ছাড়াই যোগ্য লোকদের পরিবর্তে অজ্ঞাত স্থানে বসে অযোগ্য লোকজনকে নিয়ে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। আমরা এ কমিটি মানি না।’
নতুন কমিটির আহ্বায়ক শরিফ উল্লাহ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি প্রায় ৩০ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছি। উপজেলা বিএনপি আমাদের উপযুক্ত মনে করেই মূল্যায়ন করেছে।’
জয়নাল আবেদীন বলেন, ‘যারা আমাদের বিরুদ্ধে সমাবেশ করছে, তারা আগে বিএনপি করলেও এখন দলটিতে নেই। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি বিএনপির দলীয় প্রতীকে নির্বাচন করেছি। নির্বাচনের সময় তারা আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করেছে।’
এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি আবদুর রহমান প্রথম আলোকে বলেন, উপজেলা পর্যায়ের পাঁচজন শীর্ষ নেতা ওই আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। তাঁরা বিএনপির সঙ্গে যুক্ত বলেই সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।