বিএনপির উচিত ক্ষমা চাওয়া: হানিফ

বিএনপির ভুল স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেছেন, ‘বিজেপিপ্রধান শ্রীঅমিত শাহ বেগম খালেদা জিয়ার সঙ্গে কথা বলেননি। উনি বলেছেন, খালেদা জিয়ার সঙ্গে তাঁর কথা বলার খবর পুরোপুরি মিথ্যা। এখন বিএনপির উচিত ভুল স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাওয়া।’
আজ রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল অনুষ্ঠেয় আওয়ামী লীগের জনসভাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন হানিফ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহবুব উল আলম হানিফ বলেন, এর আগে মার্কিন কংগ্রেসম্যানদের স্বাক্ষর জাল করেও বিএনপির পক্ষে বিবৃতি দেওয়া হয়েছিল। সেটাও মিথ্যা প্রমাণিত হয়েছে। এর থেকে প্রমাণিত হয়, বিএনপি জোচ্চর ও মিথ্যাবাদীদের দল। বিদেশ থেকে যেমন ধারাবাহিকভাবে মিথ্যাচার করা হয়েছে। এখন বিদেশিদের নিয়েও মিথ্যাচার করছে তারা। এর মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন দেশকে তারা অবমাননা করেছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আওয়ামী লীগের আগামীকালের সমাবেশ কীভাবে হবে, একজন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, আওয়ামী লীগ সব সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। অনুমতি নিয়েই আগামীকালের সমাবেশ হবে।
বিএনপির হরতাল কিংবা অবরোধ আওয়ামী লীগের সমাবেশে কোনো প্রভাব ফেলবে না দাবি করে হানিফ বলেন, বিএনপি অবরোধ ডেকে মাঠে নেই। তারা গোটা জাতিকে অবরোধের মধ্যে রেখে সন্ত্রাসী কার্যক্রম করছে। কেউ পিকনিক করার স্টাইলে অফিসে অবস্থান করবে এটা জাতি প্রত্যাশা করে না। তিনি বলেন, যারা অবরোধের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, তাদের দমন করতে সরকার যতটুকু কঠোর হওয়া দরকার ঠিক ততটুকু হবে।
পরে ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, ত্রাণমন্ত্রী ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, খাদ্যমন্ত্রী কামরুল ইসলামসহ আওয়ামী লীগ ও ঢাকা মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতারা সমাবেশস্থল ঘুরে দেখেন।
বিকেলে সমাবেশস্থলে গিয়ে দেখা যায়, সোহরাওয়ার্দী উদ্যানে জনসাধারণের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সমাবেশের মঞ্চও নির্মাণ করা হয়ে গেছে। পুরো সমাবেশস্থলের নিয়ন্ত্রণ নিয়েছে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ও পুলিশ।