বিএনপির উচিত ক্ষমা চেয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ
ফাইল ছবি

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, ‘পদ্মা সেতু রাষ্ট্রীয় সম্পত্তি এবং বিএনপির উচিত পদ্মা সেতুর বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য ক্ষমা চেয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো।’ আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ মারিন শুহর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু অবশ্যই একটি রাষ্ট্রীয় সম্পত্তি। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর দূরদর্শী নেতৃত্ব ও সময়োচিত পদক্ষেপ গ্রহণ করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়ে এই সম্পত্তি রাষ্ট্রের সাথে যুক্ত করেছেন। আজকে পদ্মা সেতু দৃশ্যমান, পদ্মা সেতুর মাধ্যমে আজকে পদ্মার দুই কূল-দুই পাড় সংযুক্ত হয়েছে, অর্থাৎ পদ্মা সেতুর কাজ প্রায় সম্পন্ন হয়েছে। কিন্তু এই পদ্মা সেতু যাতে না হয়, সে জন্য বহু ষড়যন্ত্র হয়েছে এবং সেই ষড়যন্ত্রের সাথে বিএনপিও যুক্ত ছিল।’

হাছান মাহমুদ আরও বলেন, ‘মির্জা ফখরুল সাহেবের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছিলেন, আওয়ামী লীগ পদ্মা সেতু করতে পারবে না, পারবে না, পারবে না। অর্থাৎ খুব জোর দিয়ে বলেছিলেন এবং এটাও বলেছিলেন যে আওয়ামী লীগ যদি জোড়াতালি দিয়ে কোনো সেতু বানায়ও, সেটার ওপর দিয়ে কেউ যাবে না। সে জন্যই প্রশ্ন রেখেছিলাম যে বিএনপি কি সেতুর ওপর দিয়ে যাবে, না নিচে দিয়ে যাবে।’

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘ফখরুল সাহেবের কথায় মনে হচ্ছে, তারা ওপর দিয়েই যাবে। এটি ভালো, তবে ওপর দিয়ে যাওয়ার আগে তাদের ষড়যন্ত্রের জন্য ক্ষমা চেয়ে সরকারকে একটা ধন্যবাদ দেওয়া প্রয়োজন। কারণ, তাদের সমস্ত ষড়যন্ত্র, নেতিবাচক প্রচারণা সত্ত্বেও আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব, পদক্ষেপ এবং সবচেয়ে বড় কথা, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু প্রায় নির্মিত হয়ে গেছে।’

ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক, একই সাথে ইউরোপীয় ইউনিয়নের সাথে আমাদের সম্পর্ক নিয়ে এবং বাংলাদেশে ফরাসি বিনিয়োগ নিয়ে আলোচনা করেছি। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম, আইপিটিভিসহ নানা ইন্টারনেটভিত্তিক প্রচারমাধ্যমের কারণে ইউরোপেও যে নানাভাবে অনেক সময় গুজব, বিশৃঙ্খলা ও সামাজিক অস্থিরতা তৈরি হয়, যেগুলো আমাদের দেশেও ঘটে, তার প্রতিকারে ইউরোপীয় ইউনিয়নে কী ধরনের আইন-নীতিমালা আছে বা প্রণয়ন চলছে, সেগুলো নিয়েও আমরা আলোচনা করেছি।’