বিএনপির এক পক্ষের হামলায় অপর পক্ষের ছয়জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদের বাসভবনে কচুয়া উপজেলা বিএনপির নেতা-কর্মীদের ওপর বিএনপির একটি পক্ষ হামলা চালিয়েছে। এতে ছয়জন আহত হয়েছেন। গত শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক ওমর ফারুক।
কচুয়া উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল চারটায় জেলা বিএনপির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কদের সঙ্গে কচুয়া উপজেলা ও পৌর বিএনপির নেতাদের এক মতবিনিময় সভা আয়োজন করা হয়। সভায় অংশ নিতে কচুয়া বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা জেলা বিএনপির আহ্বায়কের জেলা শহরের জেএনসেনগুপ্ত রোডের বাসভবনে আসেন। সভায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক-সমর্থিত লোকজন এবং কচুয়া বিএনপির নতুন নেতা দাবিদার মানিক হোসেন তাঁর লোকজন নিয়ে উপস্থিত হন।
সভায় অংশ নেওয়া একাধিক নেতা-কর্মী অভিযোগ করেন, মানিক জেলার নেতাদের বুঝিয়ে (ম্যানেজ) করে তাঁর নেতৃত্বে কচুয়া উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠনের চেষ্টা করেন। এ সময় কচুয়ার কয়েকজন নেতা-কর্মী এহছানুল হকের পক্ষে কথা বলতে চাইলে মানিকের পক্ষ হয়ে জেলা শহরের কয়েকজন নেতা-কর্মী এহছানুল হকের লোকজনের ওপর হামলা চালান।
কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খায়রুল আবেদীন বলেন, এহছানুল হকের পক্ষে কথা বলার সঙ্গে সঙ্গে সভায় থাকা জেলা শহরের কয়েকজন নেতা-কর্মী কচুয়ার নেতাদের ওপর হামলা চালান।
হামলায় আহত কচুয়া উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক ওমর ফারুক অভিযোগ করেন, ‘কচুয়ায় মানিক নামে এক কথিত বিএনপি নেতা চাঁদপুরের কিছু নেতা-কর্মীকে ভাড়া করে আমাদের ওপর হামলা করিয়েছেন। এতে পাঁচ-ছয়জন আহত হয়েছে।’
জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ কচুয়া উপজেলা বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা হয়নি দাবি করে বলেন, কচুয়া উপজেলা বিএনপির নেতা-কর্মীদের নিজেদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে রাতেই তাঁরা এ সমস্যা সমাধান করেন। তাঁরা সভায় কচুয়া উপজেলা বিএনপির একটি কমিটির রূপরেখা তৈরি করেছেন।