জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দুটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আটজন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে তুলশীগঙ্গা ইউপিতে তিনজন ও বড়তারা ইউপিতে পাঁচজন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন গতকাল মঙ্গলবার তুলশীগঙ্গার বিএনপির প্রার্থী লতিফুল বারী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
এদিকে ওই দুই ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরাও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বড়তারায় আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন ওই ইউনিয়নের সভাপতি বোরহান উদ্দীন ফকির। এই ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুল বারীক মণ্ডল ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান। এ ছাড়া এখানে বিএনপির প্রার্থী আবদুল হালিম ও বাসদের প্রার্থী জাহিদুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তুলশীগঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান খান। এখানে রুহুল আমিন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছেন। অপর স্বতন্ত্র প্রার্থী হাইফুল ইসলাম মোল্লা বলেন, তিনি আওয়ামী লীগের পদে নেই। তবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে জড়িত।
বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার সম্পর্কে জানতে চাইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক নাফিজুর রহমান বলেন, বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়টি তিনি জানেন না।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনী রিটার্নিং কর্মকর্তা আনিছার রহমান বলেন, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন গতকাল তুলশীগঙ্গার বিএনপির প্রার্থী লতিফুল বারী ও স্বতন্ত্র প্রার্থী বজলুর রহমান খান প্রার্থিতা প্রত্যাহার করেন। বড়তারা ইউপিতে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন প্রার্থিতা প্রত্যাহার করেন। আগামী ১৬ এপ্রিল এই নির্বাচন হবে।
জেলা আওয়ামী লীগের সম্পাদক সোলায়মান আলী গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তুলশীগঙ্গার রুহুল আমিন ও হাইফুল ইসলাম মোল্লা এবং বড়তারার আবদুল বারীক ও খলিলুর রহমান আওয়ামী লীগের রাজনীতি করেন। তাঁরা সবাই দলীয় সিদ্ধান্ত ভঙ্গ করেছেন। আলোচনা করে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।