চাঁদপুরের শাহরাস্তি পৌরসভা নির্বাচনে একক মেয়র প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে গত রোববার সভা করে বিএনপির নেতা মোস্তফা কামালকে একক প্রার্থী ঘোষণা করা হয়।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশন (ইসি) গত বৃহস্পতিবার শাহরাস্তি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী আগামী ১৫ ফেব্রুয়ারি এখানে নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে মেয়র পদে আওয়ামী লীগের ছয়জন, বিএনপির তিনজন ও জামায়াতে ইসলামীর একজন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে বিএনপির দলীয় একক প্রার্থী নির্ধারণের জন্য শাহরাস্তি গেট-সূচীপাড়া সড়কের পাশে অবস্থিত উপজেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন মিয়াজীর ব্রিকফিল্ড কার্যালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বিএনপির দুই পক্ষের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বৈঠকে মেয়র পদে বর্তমান মেয়র ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামালকে একক প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে জেলা বিএনপির সাবেক সভাপতি মমিনুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন মিয়াজী, পৌর বিএনপির সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক আবুল কালামসহ দলের বেশির ভাগ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলী আজগর বলেন, দলের বৃহত্তর স্বার্থে দুই পক্ষের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে মেয়র পদে একক প্রার্থী দেওয়ার অনুরোধ করা হয়েছে। তাঁদের আহ্বানে মোস্তফা কামালকে একক প্রার্থী ঘোষণা দেওয়া হয়। মনোনয়ন সংগ্রহকারী অপর দুই প্রার্থী ফারুক হোসেন মিয়াজী ও আকতার হোসেন চৌধুরীকে মনোনয়ন প্রত্যাহার করার জন্য অনুরোধ করা হয়েছে।
জেলা বিএনপির সাবেক সভাপতি মমিনুল হক বলেন, ‘হাজীগঞ্জ পৌরসভায় দুজন প্রার্থী থাকায় আমরা মেয়র পদ হারিয়েছি। সে জন্য দলের নেতা-কর্মীরা বিভেদ ভুলে একক প্রার্থী দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়েছেন। মোস্তফা কামালকে দলের একক প্রার্থী ঘোষণা করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান দেলোয়ার হোসেন মিয়াজী নির্বাচনে সমন্বয়কের দায়িত্ব পালন করবেন। আমরা সবাই দলীয় প্রার্থীকে বিজয়ী করার জন্য একসঙ্গে কাজ করব।’
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল গতকাল সোমবার বিকেলে মুঠোফোনে বলেন, ‘শাহরাস্তিতে আওয়ামী লীগের ছয়জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আমরা তাঁদের তালিকা কেন্দ্রে পাঠিয়ে দিয়েছি। আজ মঙ্গলবারের মধ্যে কেন্দ্র থেকে দলীয় প্রার্থীর চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে।’